কয়রা (খুলনা) : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে বন বিভাগের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দুবলার চরে যাওয়ার অনুমতি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা সেখানে সমবেত হয়ে অংশ নেবেন রাস পূজায়। ঐতিহ্যের এ উৎসবকে ঘিরে উপকূলজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ উৎসবে হাজার হাজার পুণ্যার্থীর সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা রেঞ্জজুড়ে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তাবলয়। সুন্দরবনের বনজ সম্পদ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। খুলনা রেঞ্জের অধিনস্থ নলিয়ান স্টেশনের স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. আল আমিন বলেন, ২২ নভেম্বর সকালে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশন হতে ১০ টি ইঞ্জিন চালিত ট্রলারযেগে ১৬৫ জন পুণ্যার্থী ও ২৩ জন ক্রু তারা অনুমতিপত্র নিয়ে যাত্রা শুরু করেছে । নির্ধারিত রুট দিয়ে তাদের দুবলার চরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুণ্যার্থীরা ফিরে না আসা পর্যন্ত বন বিভাগের টহল কার্যক্রম অব্যাহত থাকবে। কয়রা উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা অনিল মণ্ডল বলেন, সকালে নলিয়ান স্টেশন থেকে অনুমতি নিয়ে দুবলার চরের উদ্দেশে রওনা হয়েছেন। বন বিভাগের কর্মীরা নিরাপত্তা দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, উৎসব চলাকালে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ, বন্যপ্রাণী শিকার, বনজ সম্পদ পাচার ও পরিবেশের ক্ষতি রোধে বিশেষ নজরদারি থাকবে। এ জন্য খুলনা রেঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. সাদেকুর রহমান বলেন, পুরো সুন্দরবনে বন বিভাগের কর্মীরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রতিটি স্টেশন ও টহল ফাঁড়ি থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়রা উপজেলার হড্ডা গ্রামের বাসিন্দা অনিতা মণ্ডল বলেন, স্টেশনে পৌঁছানোর পর কাগজপত্র যাচাই করে নির্ধারিত ফি নিয়ে অনুমতি দেওয়া হয়েছে। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অনুমতি পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুর ইসলাম বলেন, রাস পূজাকে কেন্দ্র করে খুলনা রেঞ্জের আওতাধীন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের যাতায়াত নিরাপদ রাখতে বন বিভাগের একাধিক টহল দল দায়িত্ব পালন করছে। নির্ধারিত রুটের বাইরে যাতায়াত এবং সুন্দরবনের পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি রাখা হচ্ছে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত এ নিরাপত্তাব্যবস্থা ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, রাস পূজায় তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে সুন্দরবনে অভিযান পরিচালনার জন্য কয়েকটি বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রতিটা টিম কাজ করছে। তিনি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করছেন। এ ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
কয়রায় দুর্যোগের আগাম কার্যক্রমের অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নে পরামর্শ সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় দুর্যোগের আগাম কার্যক্রমের অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নে স্থানীয় পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) কয়রা মানব কল্যাণ ইউনিটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের সহযোগিতায় উত্তরণ বাস্তবায়িত ‘প্রোটেকশনস অ্যান্ড ট্রিগার-বেজড ইনস্টিটিউশনাল সিস্টেমস ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন (প্রতিষ্ঠা)’ প্রকল্পের আওতায় এ পরামর্শ সভার আয়োজন করা হয়। কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় মূল সেশন পরিচালনা করেন রইমস এর এ্যাসিস্টেন্ট প্রজেক্ট অফিসার মোঃ ইব্রাহিম আব্দুল্লাহ।
উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের উপজেলা ম্যানেজার তানিয়া সুলতানার সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন কয়রার সাবেক চেয়ারম্যান উপজেলা পানি কমিটির সভাপতি এইচ,এম শাহাবুদ্দীন আহম্মেদ, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, উত্তর বেদকাশী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, ইউপি সদস্য সরদার আবু হাসান, শেখ সেরাজুল ইসলাম, অশোক শীল, শিক্ষক শওকত হোসেন, সমাজসেবক মোঃ মুনছুর রহমান সানা, ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য মোঃ ফরহাদ হোসেন, মোল্ল্যা মনিরুজ্জামান, এবি সিদ্দীক, স্বপ্না মন্ডল, প্রতিষ্ঠা প্রকল্পের সাব্বির হোসেন, জলি আক্তার প্রমূখ। সভায় স্থানীয় পর্যায়ে দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আগাম কার্যক্রমের অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, চাহিদা ও মতামতের ভিত্তিতে দুর্যোগের আগাম সতর্কবার্তা পাওয়ার পর দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন। স্থানীয় বাস্তবতা ও দুর্যোগ ঝুঁকি বিবেচনায় নিয়ে একটি কার্যকর অ্যাকশন ম্যাট্রিক্স তৈরিতে অংশগ্রহণকারীরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।