সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “শ্রমিক অধিকারে জনমত গঠনে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন” তিনি ২৯ এপ্রিল, বুধবার রাত ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজধানীর সেগুনবাগিচাস্থ বাগিচা থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকদের অধিকার আদায় ও শ্রমিকের জীবনমান উন্নয়নে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে অনেক গুরুত্বপূর্ণ দাবি জনমত না থাকায় বাস্তবায়িত হয় না, যা দুঃখজনক।
তিনি জানান, ১ মে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বিকাল ৩টায় সংগঠনের উদ্যোগে বৃহৎ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও আমীরে জামাত ডা. শফিকুর রহমান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কবির আহমেদ, সহ-সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মো.আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক নুরুল আমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সাংবাদিকদের মতামত মনোযোগ দিয়ে শুনেন এবং তিনি দিবসের কর্মসূচি ও দাবিদাওয়া উল্লেখ করে বলেন, মে দিবস উপলক্ষ্যে সারাদেশে মিছিল, সমাবেশ, রক্তদান কর্মসূচি, আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া দেশের মসজিদগুলোর ইমামদের মাধ্যমে শ্রমিকদের অধিকারের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া, ন্যূনতম মজুরি ঘোষণা, নিত্যপণ্যের মূল্য কমানো, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সার ও কীটনাশকের দাম কমানো, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত এবং অযৌক্তিক ছাঁটাই বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের ক্ষতিপূরণ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।