বুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যাক্তি (৩৫) নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। নিহতের মাথায় ও বগলে গুলি লেগেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী শিক্ষার্থী মো. মেজবাহ জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেটের সামনের রাস্তায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
স্যার এ এফ রহমান হলের জিএস হাবিব উল্লাহ হাবিব বলেন শাহনেওয়াজ হল স্যার এ এফ রহমান হলের এক্সটেনশন। যেখানে চারুকলার শিক্ষার্থীরা থাকেন। আজকে সেই হলের সামনে একজন পথচারীকে গুলি করে রেখে যায় দুর্বৃত্তরা। যার ফলে হলের শিক্ষার্থীরা অনেকে শঙ্কিত অবস্থায় আছে।
দুঃ খজনক ব্যাপার হচ্ছে যেখানে গুলি করা হয়েছে সেখানো কোনো সিসিটিভি নেই। শাহনেওয়াজ হলে কয়েকদিন পরপরই বহিরাগতদের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হল সংসদ থেকে প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বারবার সিসিটিভি এবং নিরাপত্তা প্রহরী বৃদ্ধির কথা বলা হলেও তারা কর্ণপাত করেনি। আজ যদি পথচারীর বদলে কোনো শিক্ষার্থী হতো তখন তাহলে কীভাবে কি করতো প্রশাসন সেই চিন্তা করছি।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকের ভাষ্য অনুযায়ী নিহতের মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।