সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে চুরির একটি ঘটনার বিচার করাকে কেন্দ্র করে প্রতিশোধমূলকভাবে বিচারকের বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। গত ১৭ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগী আলাউদ্দিন খান জানান, গত বৃহস্পতিবার রাতে একই এলাকার ছাইয়েম শেখ (২৫), পিতা মন্টু শেখ, বাহাদুর তালুকদার বাড়িতে কাজ চলাকালে একটি গ্রাইন্ডিং মেশিন চুরির সময় হাতেনাতে ধরা পড়ে। পরে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বিচার করা হয়। তিনি ধারণা করছেন, ওই ঘটনার জের ধরেই প্রতিশোধমূলকভাবে তার বাড়িতে এ চুরি সংঘটিত হয়েছে। তিনি আরও জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে তার রান্নাঘরের দেয়াল সিঁধ কেটে পানির মোটর, গ্যাসের চুলা, রাইস কুকার, প্রেসার কুকার, থালা-বাসনসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর মাঝি (৬০) বলেন, ছাইয়েম শেখ (২৫), পিতা মন্টু শেখ, নিয়াজ (২৬), পিতা নাছির মোল্লা এবং নাঈম (২২), পিতা হাবিব—তারা এলাকায় চুরি, মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। চুরি করা মালামাল বিক্রি করে তারা নেশার টাকা জোগাড় করে বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেশী ইউনুস মোল্লা (৫৫) অভিযোগ করে বলেন, তার বাড়ি থেকেও ছাইয়েম দুই বস্তা সুপারি চুরি করে নিয়ে যায়। তিনি হাতেনাতে ধরলেও কোনো বিচার পাননি। এ বিষয়ে জিয়ানগর থানার ওসি (তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।