সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রির অভিযোগে তিন মাংস ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (ঈদের দিন) বেলা ১১টার দিকে জিয়ানগর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সকাল থেকেই জিয়ানগর বাজারে গরুর মাংস বেশি দামে বিক্রি হচ্ছিল। এ বিষয়ে কয়েকজন নিম্নআয়ের ক্রেতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে মাংস ব্যবসায়ী শামীমসহ তিনজনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ক্রেতা আব্দুল কুদ্দুস ও আবু হানিফসহ কয়েকজন জানান, সাধারণ সময়ে গরুর মাংস প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হলেও ঈদের দিন তা ৮৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এছাড়া মাংসের সঙ্গে অতিরিক্ত চর্বি ও হাড় দেওয়ার অভিযোগও করেন তারা।
এ বিষয়ে ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, অতিরিক্ত দামে মাংস বিক্রি ও অন্যান্য অনিয়মের কারণে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের পর বাজারে গরুর মাংসের দাম কমিয়ে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। ঈদের দিনেও সাধারণ মানুষের স্বার্থে এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।