সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিখোঁজের দুই দিন পর ৫ বছরের শিশু রাইয়ান মল্লিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের চাচাতো ভাইসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি ভাণ্ডারিয়া উপজেলার উত্তর আতরখালী গ্রামের মো. রাসেল মল্লিকের ছেলে রাইয়ান মল্লিক নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির মা সাইয়েদা তন্বী ওই দিনই ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা রুজু করে।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. আরিফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল তদন্তে নামে। অনুসন্ধানের একপর্যায়ে স্থানীয় মসজিদের বারান্দায় একটি রহস্যময় চিরকুট পাওয়া যায়। আধুনিক তদন্ত কৌশল ব্যবহার করে পুলিশ নিশ্চিত হয় যে, চিরকুটটি নিখোঁজ রাইয়ানের আপন চাচাতো ভাই মো. রিয়াদ মল্লিকের (১৯) হাতে লেখা।
আটক হওয়ার পর রিয়াদ মল্লিক পুলিশের কাছে স্বীকার করেন যে, প্রতিবেশী মো. সাইদুল ইসলামের প্ররোচনায় ২০ হাজার টাকার বিনিময়ে তিনি এই কাজ করেছেন। সাইদুলের নির্দেশেই তিনি মসজিদের বারান্দায় চিরকুটটি রেখে আসেন। পরবর্তীতে রিয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার বসতঘরের সামনের গোয়াল ঘরে তল্লাশি চালায়। সেখানে খড়কুটার ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু রাইয়ানের নিথর দেহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. রিয়াদ মল্লিক (১৯)- প্রধান অভিযুক্ত মো. মিজান মল্লিক (৪২)- রিয়াদের বাবা মোসা. পারভীন বেগম (৩৫)- রিয়াদের মা, মো. সাইদুল ইসলাম (৩৬)- পরিকল্পনাকারী।
মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা পুলিশ সুপার জানায়, অপহরণকারীদের মূল লক্ষ্য ছিল মুক্তিপণ বা অন্য কোনো আক্রোশ মেটানো। তবে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে অধিকতর তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিরোজপুরে ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গীতানুষ্ঠান’
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রচারণামূলক কর্মসূচি পালন করছে জেলা তথ্য অফিস। ‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদরসহ বিভিন্ন উপজেলায় মঙ্গলবার দিনব্যাপী ট্রাক যোগে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, পিরোজপুর জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী সভাপতিত্বে, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক পিরোজপুর, মাহমুদুর রহমান মামুন, আরও উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোঃ আবদুল্লাহ আল মাসুদ, প্রমূখ
একটি সুসজ্জিত ট্রাককে অস্থায়ী মঞ্চ বানিয়ে তাতে স্থানীয় লোকসংগীত শিল্পীরা গান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষকে ভোট প্রদানের গুরুত্ব ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করছেন। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠসহ শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ স্থানে এই ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানটি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে শিল্পীরা দেহতত্ত্ব, দেশাত্মবোধক এবং নির্বাচনী সচেতনতামূলক গান পরিবেশন করেন। প্রচারণার মূল কেন্দ্রবিন্দু ছিল ‘গণভোট ২০২৬’ এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ।
পিরোজপুর জেলা তথ্য অফিসের কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী বলেন – সাধারণ মানুষের কাছে নির্বাচনের বার্তা সহজে পৌঁছে দিতেই এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন। গানের মাধ্যমে তথ্য দিলে তা মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। অনুষ্ঠানে স্থানীয় বাউল শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। এসময় ট্রাকের চারপাশ জুড়ে সাধারণ পথচারী ও দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে।
ব্যানার ও পোস্টারে সজ্জিত এই ভ্রাম্যমাণ মঞ্চ থেকে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা নির্ভয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জেলা তথ্য অফিসের এই উদ্যোগকে স্থানীয় সচেতন নাগরিক সমাজ সাধুবাদ জানিয়েছেন।