সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকজন ধরা পড়েছে। অনেক সাক্ষ্য প্রমাণ সামনে আসছে। সরকার এ বিষয়ে অত্যন্ত সিরিয়াস। যদি আসামি পার্শ্ববর্তী দেশে পালিয়ে থাকে, সেখান থেকেও ফেরত আনা সম্ভব।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল চারটার দিকে ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির নামে লঞ্চঘাট নামকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, আমরা সবাই চাই শুধু ওসমান হাদির হত্যাকারীই নয়, এর পিছনে যারা জড়িত সেটা যাতে বের হয়ে আসে। সে যেই হোক না কেনো।
নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, এই লঞ্চঘাট যেন শহিদ ওসমান হাদির নামে স্থায়ীভাবে থাকে। কারণ ওসমান হাদি এই অঞ্চলের সন্তান। এই লঞ্চঘাটটি একটি বড় স্থাপনা, এখানে প্রতিদিন শতশত মানুষ আসা যাওয়া করে। ওসমান হাদি শুধু বাংলাদেশের সন্তান হিসেবে নয়, এখন বিশ্বের বিভিন্ন দেশে ওসমান হাদিকে চিনে।
এসময় ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব, শহিদ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি ও তার ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।