সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : প্রথাগত প্রচারণার বাইরে গিয়ে শিল্পের মাধ্যমে সামাজিক ব্যাধিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল খুলনার কয়রা উপজেলার এক ব্যতিক্রমী আয়োজন। বাল্যবিবাহের অভিশাপ আর নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা গড়তে মঞ্চ নাটককে বেছে নিয়েছিল আয়োজকরা, যা রূপ নিয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণজোয়ারে। গত বৃহস্পতিবার উত্তর বেদকাশি ও মহারাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে ‘আমাল ফাউন্ডেশন’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে এই বিশেষ নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘সুশীলন সাংস্কৃতিক দল, খুলনা’-এর শিল্পীদের প্রাণবন্ত অভিনয়ে উঠে আসে গ্রামীণ সমাজে বাল্যবিবাহের ভয়াবহ কুফল এবং নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অমোঘ বার্তা। সাধারণত সচেতনতামূলক সভায় সাধারণ মানুষের উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও, এই আয়োজনে দেখা গেছে ঠিক উল্টো চিত্র। উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বিস্ময় প্রকাশ করে বলেন, “আমার দীর্ঘ জনপ্রতিনিধি জীবনে একটি সচেতনতামূলক অনুষ্ঠানে এত বিপুল সংখ্যক নারী ও পুরুষের উপস্থিতি আমি আগে কখনও দেখিনি। আমাল ফাউন্ডেশন প্রমাণ করেছে যে, সৃজনশীল উপস্থাপনা দিয়ে মানুষকে জাগ্রত করা সম্ভব। নাটক চলাকালীন দেখা যায় দর্শকদের মধ্যে পিনপতন নীরবতা। সাবলীল অভিনয় আর চেনা গল্পের মাধ্যমে যখন বাল্যবিবাহের শারীরিক ও মানসিক ক্ষতির চিত্র ফুটে ওঠে, তখন উপস্থিত দর্শকদের অনেকের চোখেই দেখা যায় জল। আয়োজকরা মনে করেন, লিফলেট বিলি বা বক্তৃতার চেয়ে দৃশ্যকাব্য মানুষের হৃদয়ে দ্রুত পৌঁছাতে সক্ষম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো: মনিরুজ্জামান। এ সময় তারা বলেন, সামাজিক কুসংস্কার দূর করতে হলে এই ধরণের সাংস্কৃতিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাল ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “মঞ্চ নাটক সরাসরি মানুষের হৃদয়ে কড়া নাড়ে। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে সচেতনতার এই বার্তা পৌঁছে যাক।”অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু বিভূতিভূষণ, ইউপি সদস্য মাসুম বিল্লাহ এবং আমাল ফাউন্ডেশনের ইভেন্ট অর্গানাইজার মোঃ আজিজুল হক, যার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত হয়। বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত একটি আদর্শ সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠ পর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আমাল ফাউন্ডেশন ও মানুষের জন্য ফাউন্ডেশন। উপস্থিত দর্শক ও সচেতন মহল আশা প্রকাশ করেন, শুধু বিশেষ দিনগুলোতে নয়, নিয়মিত বিরতিতে এমন আয়োজন তৃণমূল মানুষের চিন্তাধারা বদলে দিতে সহায়ক ভূমিকা পালন করবে।
কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুকি হ্রাসে আগাম সর্তকবার্তা প্রচারের বিষয়ে সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় কমিউনিটি নেতৃত্বাধীন একটি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং আগাম সতর্কতা বার্তা প্রচার বিষয়ক নেটওয়ার্ক গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় উত্তরনের গেইন প্রকল্পের সহযোগীতায় কয়রা সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহের সভাপতিত্বে ও প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আলতাফ হোসেন লাভলুর পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, আবুল কালাম, শাহানারাা জামাল, সেলিনা আক্তার লাইলী, মুর্শিদা খাতুন, সমাজ সেবক সানা মুনছুর রহমান, মোল্যা মনিরুজ্জামান, প্রকল্পের ফিল্ড অর্গানাইজার ফৌজিয়া পারভীন, স্বেচ্ছাসেবক হাফেজ মনিরুজ্জামান, আশিকুজ্জামান প্রমুখ।
কয়রায় স্থানীয় জনগোষ্ঠীর অংশ গ্রহনে অভিযোজন পরিকল্পনা বিষয়ে সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় স্থানীয় জনগোষ্ঠীর অংশ গ্রহনে অভিযোজন পরিকল্পনা বিষয়ে এক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্র্যাকটিক্যাল এ্যাকশানের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবুল ফজল, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুম বিল্লাহ, বিভুতি ভুষন রায়, আবু হাসান, মোঃ দিদারুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, শান্তনু অধিকারি, ইউপি সদস্য মুর্শিদা খাতুন, মীতা রানি মন্ডল, সিএনআরএসের ম্যানেজার মোঃ মুস্তাক মাহমুদ, প্র্যাকটিক্যাল একশানের প্রদীপ কুমার কর্মকার, মোঃ শহীদ হোসেন, আতাউর রহমান সরকার, তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।