সবুজবাংলা২৪ডটকম, কুমারখালী (কুষ্টিয়া) : মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে এক বিশাল ও সুশৃঙ্খল র্যালির আয়োজন করেছ বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। শহরের কুমারখালী ফাযিল মাদ্রাসা থেকে শুরু হওয়া এই র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাসষ্ট্যান্ড, রেল বাজার প্রদক্ষিণ শেষে তরুণ মোড় ঘুরে র্যালিটি খোকন মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উৎসবমুখর পরিবেশে শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত র্যালিটি ছিল চোখে পড়ার মতো। নেতা-কর্মীরা সুনির্দিষ্ট দুইটি সারিবদ্ধভাবে অত্যন্ত ধীরস্থিরভাবে অগ্রসর হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল স্বাধীনতা দিবসের দীপ্ত স্লোগান। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে, যা সাধারণ ব্যবসায়ীদের এবং পথচারীদের মধ্যে এক ভিন্নতর আমেজ তৈরি করে। উপস্থিত জনতা জানান, দীর্ঘ সময় পর এমন সুশৃঙ্খল ও উৎসবমুখর র্যালি এলাকায় প্রাণের স্পন্দন ফিরিয়ে এনেছে।
র্যালি শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হোসাইন।
উপজেলা আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, উপজেলা সেক্রেটারি মামুন অর রশীদ, পৌর আমীর রবিউল ইসলাম প্রমূখ।
র্যালীতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করে। র্যালি শেষে নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।