সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানী মৎস্য বাজারে নিষিদ্ধ শাপলাপাতা (পাতা হাঙ্গর) মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উল্লেখ্য, সোমবার (১৫ ডিসেম্বর) ইন্দুরকানী বাজার ও পত্তাশী বাজারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইন্দুরকানী বাজারে তিনজন মাছ ব্যবসায়ীকে বিলুপ্তপ্রায় ও নিষিদ্ধ পাতা হাঙ্গর (শাপলাপাতা) মাছ বিক্রি করতে দেখা যায়।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ৩৪ ধারা অনুযায়ী ওই তিন ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিক্রির উদ্দেশ্যে রাখা মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো তিনটি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এর মধ্যে চারাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫ কেজি, টিঅ্যান্ডটি মোড় মাদ্রাসায় ৪৫ কেজি এবং কালাইয়ার ময়েনউদ্দিন মনোয়ারা মাদ্রাসা ও এতিমখানায় ৯ কেজি মাছ বিতরণ করা হয়।
এদিকে, সংবাদ পাওয়ার ভিত্তিতে পত্তাশী বাজারে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রির অভিযোগে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছানোর আগেই মাছগুলো সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় জনগণ জানান, ইন্দুরকানী উপজেলার বিভিন্ন বাজারে হাটের দিন নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি করা হয়, যা মূলত পাড়েরহাট আড়ত (পিরোজপুর সদর উপজেলা) থেকে ব্যবসায়ীরা সংগ্রহ করে থাকেন। তারা এ ধরনের অবৈধ বাণিজ্য বন্ধে পাড়েরহাট আড়তে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ইন্দুরকানী থানা পুলিশ সহযোগিতা করে। এছাড়াও স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকরা তথ্য প্রদান ও ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।