সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার আউরাপোল এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে পিকআপযোগে একটি বড় মাদকের চালান ইন্দুরকানীতে আসছে, এমন গোপন সংবাদে ইন্দুরকানী থানার এএসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ ইন্দুরকানী-কলারণ সড়কে অভিযান রিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা আউরাপোল এলাকায় গাঁজাভর্তি কটি বস্তা ফেলে পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে।
পরে পুলিশ ধাওয়া করে পথেরহাট এলাকা থেকে পিকআপ চালক মাহাবুব মোল্লা (৩৮)-কে পিকআপসহ আটক করে থানায় নিয়ে আসে। তবে একই গাড়িতে থাকা মাদক ব্যবসায়ী মিন্টু মোল্লা (৩৫) পালিয়ে যায়। আটক মাহাবুব মোল্লা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নের এছাহাক মোল্লার ছেলে। ইন্দুরকানী থানার ওসি আহসান কবির বলেন, “ইন্দুরকানী থানায় উদ্ধার হওয়া মাদকের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় চালান।” এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।