সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : গাজীপুরের গাছা থানার জাঝর হয়ে ধীরাশ্রম পর্যন্ত একমাত্র সড়কটির বেহাল দশায় জনদুর্ভোগ এখন চরমে। এই দুরবস্থার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে আশপাশের ৫৬টি স্কুলের শত শত শিক্ষার্থী প্রতিবাদ বিক্ষোভ করে ভাঙাচোরা রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, প্রতিদিন স্কুলে যেতে গিয়ে অতিরিক্ত এক সেট ড্রেস সঙ্গে আনতে হয়। পানিতে ডুবে থাকা রাস্তা পার হওয়ার সময় জুতা–মোজা খুলে হাতে নিতে হয়। কাদা ও নোংরা পানিতে ভিজে যায় খাতা–বই, নষ্ট হয় পড়াশোনার পরিবেশ। শিশুরা এক কণ্ঠে দাবি তোলে—রাস্তা সংস্কার চাই, অবিলম্বে চাই।
স্থানীয় সূত্রে জানা যায়, জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০, জাঝর পাবলিক স্কুলের ৩০০, রাহিমা বিশ্বাস একাডেমির ২০০, সিজুয়ে ইন্টারন্যাশনাল স্কুলের ৩০০ শিক্ষার্থীসহ মাদানী মাদরাসার অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল–মাদরাসায় যাতায়াত করে। এছাড়া এলাকাবাসীর একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র কমিউনিটি ক্লিনিক ও কেন্দ্রীয় জামে মসজিদে যাতায়াতও এ সড়ক দিয়েই হয়।
ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন,আমাদের ব্যবসা-বাণিজ্য পুরোপুরি ধ্বংসের পথে। বিক্রি নেই বললেই চলে। পরিবার নিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।
এ সময় স্থানীয় শাকাওয়াত আলী বলেন, রাস্তা সংস্কার না হলে শিক্ষার্থী, শ্রমিক—সবাই বিপর্যস্ত হয়ে পড়বে। হাজারো গার্মেন্টস কর্মী সময়মতো কাজে পৌঁছাতে পারছে না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের সিও সোহেল রানা জানান, লোকজন পাঠানো হচ্ছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবাদে অংশ নেওয়া শিশু ও অভিভাবকরা বলেন, পানিতে ডুবে যাওয়া অংশসহ পুরো সড়কটি দ্রুত সংস্কার করতে হবে। নইলে শিক্ষার পথে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ আরও বাড়বে। শুধু শিক্ষার্থীরা নয়,এই অঞ্চলের সাথে গাজীপুর শহর, আদালত, অফিসের সঙ্গে যোগাযোগ পুরোপুরি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। যা এলাকার মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।তারা সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।