সবুজবাংলা২৪ডটকম, রাজৈর (মাদারীপুর) : রাজৈর উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়ন গোহালার গোহালা বাজার সংলগ্ন মুসলমান মালিকের জমিতে মন্দির নির্মাণ কাজ শুরু করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। জানা যায় , গোহালা বাজারের পাশে গোহালা মৌজার সাড়ে দশ শতাংশ জমি শ্রীযুতপুর গ্রাম নিবাসী এম এ খায়ের মোল্লা(বাচ্চু)জমির মালিক নিতাই চন্দ্র সাহা ও শ্যামসুন্দর সাহাদের নিকট হতে রেজিস্ট্রি দলিলে ক্রয় করে নামজারী ও খাজনাদি পরিশোধ করে আসছেন। কিন্তু পূর্বের মালিকদের ভাগিনা মনোরঞ্জন সাহা উক্ত জমিতে মামাদের আশ্রয়ে বসবাস করে আসছিল। জমি বিক্রয় হয়ে যাওয়ার পরেও সে বাড়ি না ছেড়ে ছলেবলে উক্ত জমি স্থায়ী দখলের উদ্দেশ্যে ইদানীং মন্দির নির্মাণ কাজ শুরু করে। বর্তমান মালিক এম এ খায়ের মোল্লা জানান, স্থানীয় কিছু দুস্কৃতকারীদের সহযোগীতায় আমার উক্ত ক্রয়কৃত জায়গা অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মনোরঞ্জন সাহা মন্দির বানানোর কাজ শুরু করছে। আমি বিষয়টি সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িকে জানালে এএসআই মনির হোসেন গিয়ে জমি দখল করে মন্দির বানানোর কাজ বন্ধ রাখতে বলেন। এএসআই মনির জানান, আমরা বিষয়টি অবহিত হয়ে ঘটনাস্থলেই গিয়ে মন্দির নির্মাণ কাজ বন্ধ রাখার কথা বলে এসেছি। মন্দির নির্মাণকারী মনোরঞ্জন সাহা জানান, আমি পরিবার নিয়ে আমার মামার এই জায়গায় অনেক বছর যাবৎ বসবাস করছি। পূজা করার জন্য মন্দির নির্মাণ কাজ করছি। আমার মামারা আমাকে এই জায়গা দলিল করে দিয়েছেন। তবে আমি এখন কোনো কাগজ দেখাতে পারবো না।