সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কঁচা ও বলেশ্বর নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান-বিন-মুহাম্মাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের সময় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে ব্যবহৃত তিনটি ড্রেজার জব্দ করে ইন্দুরকানি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদারের জিম্মায় রাখা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন—পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মোঃ জাহিদুল ইসলাম (৪০), মোঃ হাফিজ (৪২), বাদুরা গ্রামের মোঃ হাবিবুর রহমান (৪৫) ও মোঃ মিজান খান (৩৪), কৃষ্ণনগরের মোঃ জালাল তালুকদার (৪০), নাজিরপুর উপজেলার আব্দুল্লাহ আল মামুন (৫০) এবং ইন্দুরকানি উপজেলার মোঃ লিটন খান (৩৫)।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ আগস্ট জেলা প্রশাসন ওই স্থানের বালু মহলের ইজারা বাতিল করে নতুন ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।