সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বিদেশি শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে আগামী ৫ জুলাই থেকে ক্লাসে ফিরতে চান ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (২৮ জুন) রাতে আন্দোলনরতদের অন্যতম সমন্বয়ক তাওহীদুল আবেদিন তানভীর জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ক্লাস শুরু করার ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা ক্লাসে ফিরতে চাচ্ছি। আমরা নতুন হলের জন্য মন্ত্রণালয় থেকে দেওয়া আশ্বাসের ওপর নির্ভর করছি। আপাতত বিদেশি শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে ৫ জুলাই থেকে ক্লাসে ফিরতে চাচ্ছি।
তাওহীদুল আবেদিন আরও বলেন, আমরা চাই আমাদের নবাগত ব্যাচ কে-৮২ আমাদের সঙ্গে ক্লাসে ফিরুক এবং এর মধ্যেই তাদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হোক। কে-৮২ এর নিরাপদ আবাসনের ব্যবস্থা এবং ক্লাস শুরুর ব্যাপারে কলেজ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি।