সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : দীর্ঘ ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে এসেছেন সংস্থাটির সরকার নিযুক্ত প্রশাসক মো. শাহজাহান মিয়া। অভ্যর্থনা জানালেন ইশরাকের পক্ষে আন্দোলনে থাকা সিটি কর্পোরেশনের কর্মচারীরা
বিএনপি নেতা ইশরাক হোসনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ মে থেকে “ঢাকাবাসী” ব্যানারে নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন ইশরাকের সমর্থকেরা। ফলে গত ১৪ মে থেকে সংস্থাটির প্রশাসক নগর ভবনে আসতে পারেননি।
বৃহস্পতিবার নিজ দপ্তরে আসার পর ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া সিটি কর্পোরেশনের সব সেবা কার্যক্রম চালুর ঘোষণা দেন।
এ সময় ডিএসসিসি প্রশাসক বলেন, “আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব।”
এর আগে, গত রবিবার ইশরাক সমর্থকেরা তাদের চলমান আন্দোলন কিছুটা সীমিত করে দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দেন। সোমবার থেকে তারা খুলে দেন নগর ভবনের প্রধার ফটকের তালা। তবে নগর ভবনে দৈনন্দিন সেবা চালু হলেও প্রশাসক আসতে পারবেন না বলে জানিয়েছিলেন তারা। সংস্থাটির প্রকৌশল বিভাগ বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন ইশরাক সমর্থকরা।
এরপর আজ বৃহস্পতিবার নগরভবনে এলেন ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া। এদিন সংস্থাটির প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও আজ নগর ভবনে আসতে দেখা গেছে।
শাহজাহান মিয়া নগর ভবনে এলে তাকে অভ্যর্থনা জানান ইশরাকের পক্ষে আন্দোলনে থাকা সিটি কর্পোরেশনের কর্মচারীরা।
ইশরাকের পক্ষে আন্দোলনে থাকা সিটি কর্পোরেশনের বিএনপিপন্থী শ্রমিক ইউনিয়নের নেতা আরিফ চৌধুরী সাংবাদিকদের জানান, উচ্চপর্যায়ের নির্দেশে তারা এখন থেকে প্রশাসককে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।