সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৬ এবং ৮ ব্যাটালিয়ন ক্যাম্পিং ২০২৪-২৫ উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বিএনসিসি ময়নামতি রেজিমেন্ট এর আয়োজন করে। সোমবার (২১ এপ্রিল) নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ (এনডিসি, পিএসসি), বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেনিং ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান, ফ্লাইট লেফটেন্যান্ট আবেদীন, রেজিমেন্ট এ্যাডজুট্যান্ট মেজর মুনতাসির আরাফাত, নোবিপ্রবি বিএনসিসির পি ইউ ও, প্লাটুন-১ জনাব মোঃ মাহবুব আলম এবং পি ইউ ও, প্লাটুন-২ জনাব স্মর্ণিমা ঘোষ জুঁইসহ বিএনসিসির সদস্যবৃন্দ। এসময় নোবিপ্রবি বিএনসিসির পক্ষ থেকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে নোবিপ্রবি বিএনসিসির পক্ষ থেকে আগত অতিথিদের উপহার প্রদান করা হয়।
নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী হাবিব টিটু (২৮) নামের এক যুবককে আটকের পর তার রক্ষিত হোন্ডা গ্যারেজ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করেছে র্যাব। এর আগে বিভিন্ন সময় এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে একটি ভীতিকর জনপদ তৈরি করেছিল এই যুবক। সোমবার (২১ এপ্রিল) সকালে এই তথ্য নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে গতকাল রোববার গভীর রাতে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাতার মসজিদ এলাকার একটি গ্যারেজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাবিব টিটু বজরা ইউনিয়নের বারাহীনগর গ্রামের রুহুল আমিনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বজরা ইউনিয়নের বারাহীনগর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় কাতার মসজিদ এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে এলাকার শীর্ষ সন্ত্রাসী হাবিব টিটুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ওই গ্যারেজ থেকে একটি দেশীয় তৈরি এলজি জব্দ করা হয়। কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, হাবিব টিটু এলাকায় অস্ত্রের মহড়া দেখিয়ে নিরীহ লোকজনকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতেন। বিভিন্ন চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।