সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদী মাধবদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন মরিয়ম টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রাফি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ মরিয়ম টেক্সটাইল মিল হতে আগুনের ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদীর মোট ৫টি ইউনিট দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে টেক্সটাইল মিলে উৎপাদনের পর মজুদ রাখা গ্রে-কাপড় পুড়ে গেছে। এসময় টেক্সটাইল কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় বেশকিছু মালামাল বের করে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আশেপাশের অন্যান্য মিলকারখানায় আগুন ছড়িয়ে পড়ার আশংকা ছিল।
ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন,, “আগুন নিয়ন্ত্রণে আনতে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। দুপুর ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দেড় ঘন্টার চেষ্টায় বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।
নরসিংদীতে ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
নরসিংদী মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেপ্তারকৃতরা হলো- মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন মনির (২৮), শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফাজায়েল ভূইয়া রয়েল (২৫), পলাশের জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ (২৮), পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০), পলাশের শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান (২৫), বেলাব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভূইয়া (২৮), পলাশ থানা ছাত্রলীগের সদস্য মোঃ রাজু মিয়া (৩১), শিবপুর থানা ছাত্রলীগের সদস্য মোঃ ফরহাদ আফরাদ (১৮), মনোহরদী থানা ছাত্রলীগের সদস্য মোঃ জাহিদ মোল্লা (২৪) ও পলাশ থানা ছাত্রলীগের সদস্য মো: আমিনুল ইসলাম (২৬)।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতরা নরসিংদী মডেল থানার সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী) মামলার আসামী। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের দুটি গাড়ী হতে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, এসময় তাদের হেফাজত হতে “ভ্যাট বৃদ্ধি বন্ধ কর, ইউনুস তুই পদত্যাগ কর, ইউনুস তুই তওবা কর, জনগণের পায়ে ধর, যাহাতে শেখ হাসিনা সহ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার এবং মাননীয় প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের ছবি সম্বলিত কাগজের মুখোশ পাওয়া যায়। বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।