সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীর শিবপুরে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৬ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর পৌণে ১টায় ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে অপর একটি গাড়ীকে পাশ কাটানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে, মনোহরদী উপজেলার চকবগাদী এলাকার সমির উদ্দিনের মেয়ে মারুফা (২৩), শিবপুরের বৈলাব এলাকার মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০), শিবপুরের সাতপাড়া এলাকার রহির ছেলে সিএনজি চালক শাহিন (৩৫) ও রায়পুরার মির্জারচর এলাকার মোস্তফা (৪৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মনোহরদী উপজেলা হতে ২ নারীসহ ৫ জন যাত্রী নিয়ে শিবপুরের ইটাখোলার দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে শিবপুরের চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে বেপরোয়া গতিতে আসা মনোহরদীগামী সিমেন্টবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের নীচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও ২ নারীসহ ৬ জন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা চাপাপড়া অটোরিকশার ভেতরে থাকা চালকসহ ৬ যাত্রীর মরদেহ উদ্ধার করেন। অটোরিকশাটি অপর একটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় বেপরোয়া গতিতে আসা ট্রাকের নীচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন বলেন দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ। পরে আটক করা হয় ট্রাক চালককে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।