সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগরে সাবেক ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার (রাত) ঝালকাঠী সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঝালকাঠী সদর থানার এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিয়ানগর উপজেলার সেউতিবাড়ীয়া এলাকা থেকে জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এসব বিটুমিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় জানা গেছে, ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে সড়ক নির্মাণ কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। পরবর্তীতে ২ মার্চ ঝালকাঠী থেকে ওই বিটুমিন চুরি হয়ে যায়। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই মাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক শনাক্ত করা হয়। পরে ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই বিটুমিন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বিটুমিনের কোনো বৈধ কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তি।
অন্যদিকে, অভিযুক্ত শাকিল মাহমুদ পলাশ হাওলাদার দাবি করেন, উদ্ধার হওয়া ৫৮ ব্যারেলের মধ্যে ৩৩ ব্যারেলের বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। তবে বাকি ২৫ ব্যারেল বিটুমিন কীভাবে তার মালামালের সঙ্গে যুক্ত হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।