সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগরে কাজে অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ইউপি সদস্য।
মঙ্গলবার ৩১ মার্চ বিকেল ৫টায় জিয়ানগর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান।
সংবাদ সম্মেলনে ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজান হাওলাদার লিখিত বক্তব্যে বলেন, তার ওয়ার্ডে বাড়ির পাশের একটি ইট সোলিং রাস্তা মেরামতের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরে কাবিখা প্রকল্পের আওতায় ৩ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে রমজানের শেষের দিকে ১.৫ মেট্রিক টনের ডিও পেয়ে তিনি তা উত্তোলন করেন।
তিনি দাবি করেন, এর আগেই নিজ অর্থায়নে তার বাড়ির প্রায় ১৮৫ ফুট রাস্তা ইট সোলিং করা হয়েছিল। স্থানীয় কিছু ব্যক্তি বিষয়টি ভুলভাবে উপস্থাপন করে সরকারি বরাদ্দের অর্থে নিজ বাড়ির রাস্তা নির্মাণ করা হয়েছে বলে অপপ্রচার চালায়, যা কিছু গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হয়।
তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে বরাদ্দকৃত রাস্তার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং বাকি বরাদ্দ এখনো প্রাপ্ত হয়নি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের সংবাদ প্রকাশে ভূমিকা রেখেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বিষয়টি পুনরায় সরেজমিনে তদন্ত করে প্রকৃত তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান।
উল্লেখ্য, সরকারি বরাদ্দে নিজ বাড়ির রাস্তা নির্মাণের বিষয়ে সাংবাদিকরা মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগ রয়েছে। তবে পরবর্তীতে আইনি জটিলতা এড়াতে তা অস্বীকার করেন। এছাড়া, নিজ বাড়ির রাস্তার কাজ আগে সম্পন্ন করার পর সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। পরবর্তীতে সংবাদ প্রকাশের পর তিনি বরাদ্দকৃত রাস্তার সংস্কার কাজ শুরু করেন।