সবুজবাংলা২৪ডটকম, ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া এলাকায় গত কাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— বায়েজিদ হাওলাদার (২২), মরিয়ম আক্তার (২৫), এছাহাগ হাওলাদার (৬৫) ও শাহিদা বেগম (৪৫)। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মো. অলি উল্লাহ (৩৭) বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। মামলায় অভিক হাওলাদার, নান্না হাওলাদার, অনিক হাওলাদার, বাপ্পি খান, পারভীন বেগম ও রানী বেগমসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বাদীর শ্বশুর পরিবারের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ হয়ে বাদীপক্ষের ভোগদখলীয় জমিতে প্রবেশ করে মাটি কাটার চেষ্টা করে। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে বসতঘরে ঢুকে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে চারজনকে গুরুতর জখম করে।
আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এবিষয়ে
ভান্ডারিয়া থানার পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।