সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : প্রস্তাবিত আল-উম্মাহ ওয়েবসাইট এবং বৈশ্বিক মুসলিম বিষয়াবলি নিয়ে প্রকাশিতব্য মাসিক সাময়িকী আল-উম্মাহ জার্নাল-এর পরিকল্পনা এগিয়ে নিতে আল-উম্মাহ ফাউন্ডেশন ইস্তাম্বুলে তাদের দ্বিতীয় সরাসরি প্রস্তুতিমূলক সভা আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এডিটর-ইন-চিফ মোহাম্মদ জাকির হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন- মি. বাতুহান তাকিস, ম্যানেজিং এডিটর, ডেইলি সাবাহ, ইস্তাম্বুল, তুরস্ক; এসাম শেহদাত, সাবেক সম্পাদক, আল সাবাহ আরবি পত্রিকা; রহমি ওসমান, ওয়েবসাইট ডিজাইনার, ইস্তাম্বুল, তুরস্ক।
তারা নীতিনির্ধারক হিসেবে কনটেন্ট কাঠামো, নীতিগত কৌশল, লক্ষ্য এবং কার্যক্রমের দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীরা একমত হন যে ওয়েবসাইট ও জার্নাল উভয়ই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রকাশিত হবে, যা ঢাকাভিত্তিক ইসলামিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন (ওঈজউ)-এর সঙ্গে সম্পৃক্ত।
উপস্থিত বক্তারা এমন একটি প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যা ইসলামী ঐতিহ্যকে সমসাময়িক বিশ্লেষণের সঙ্গে সংযুক্ত করবে, বৈচিত্রের মধ্যেও ঐক্যকে জোরদার করবে এবং বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মুখোমুখি জটিল চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ভূমিকা রাখবে। এই উদ্যোগগুলোকে উম্মাহ জুড়ে চিন্তা, কর্ম ও সহযোগিতার বৌদ্ধিক প্ল্যাটফর্ম হিসেবে কল্পনা করা হচ্ছে।
প্রধান উদ্দেশ্যসমূহের মধ্যে রয়েছে:- একাডেমিকভাবে মানসম্মত ও গবেষণাভিত্তিক লেখা প্রকাশ, ইসলামী ঐতিহ্যের সঙ্গে আধুনিক জ্ঞানের সংযোগ স্থাপন, বিভিন্ন ইসলামী চিন্তাধারার মধ্যে সংলাপ করা, ফিলিস্তিন ইস্যুতে গভীর ও অগ্রাধিকারভিত্তিক কভারেজ প্রদান, বৈশ্বিক পরিসরে ইসলামী গবেষণা ও স্কলারশিপের প্রভাব জোরদার করা। ওয়েবসাইট ও জার্নালের প্রস্তাবিত বিষয়বস্তুর ক্ষেত্রগুলোর মধ্যে থাকবে ধর্ম, সমাজ, সমসাময়িক বিষয়াবলি, অর্থনীতি, সংস্কৃতি ও শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি, এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঘটনা।