সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে ১৯৯৩ সালে সরকারি ইন্দুরকানী কলেজ প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩২ বছর পর নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ চত্বরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি।
এসময় আরও বক্তব্য দেন— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এজিএস ফেরদৌস আল হাসান, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক মো. জাকারিয়া হোসাইন, ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি মো. ইমরান খান, ইন্দুরকানী উপজেলা সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম রাতুল, উপজেলা সভাপতি মো. আশরাফুল ইসলাম ও সেক্রেটারি কে. এম. রাহাতুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি ইন্দুরকানী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আরিফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জুবায়ের হোসাইন। প্রধান অতিথি হারুনুর রশিদ রাফি বলেন, “ছাত্রদের সংগ্রামের মূল লক্ষ্য ছিল— ঘুষ বা কোটা দিয়ে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া। যে ব্যক্তি ঘুষ দিয়ে চাকরি নেয়, তার মানসিকতা হয়ে যায় ঘুষ খাওয়ার। সমাজ পরিবর্তন করতে হলে তা উপর থেকে নয়, নিচ থেকে শুরু করতে হবে।”
নবীন শিক্ষার্থীরা বলেন, “ছাত্রশিবিরের মতো এমন সুন্দর ও শিক্ষণীয় আয়োজন এর আগে এই কলেজে হয়নি। আমরা এ আয়োজন উপভোগ করতে পেরে খুব আনন্দিত। তারা আমাদের বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়েছে এবং ভালো ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনাও দিয়েছে।”
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আশরাফুল ইসলাম বলেন, “কলেজ প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিবন্ধকতার কারণে এমন আয়োজন সম্ভব হয়নি। ২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমরা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করি, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। এর আগে আমরা এই কলেজে একটি হেল্প ডেস্কও স্থাপন করেছিলাম। ভবিষ্যতেও আমাদের এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”