সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে চারটার দিকে পিরোজপুরের ইন্দুরকানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শহরের প্রধান সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ইন্দুরকানী বাজারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন ও উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নেতৃবিন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। সেদিন ঢাকায় তৎকালীন প্রশাসনের সামনেই আওয়ামী সন্ত্রাসীরা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শান্তিপূর্ণ সমাবেশে বর্বরোচিত হামলা চালিয়ে লগি-বৈঠা দিয়ে বহু নেতাকর্মীকে শহীদ ও শতাধিককে আহত করে।” বক্তারা আরও বলেন, “২৮ অক্টোবর শুধু শোকের নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।” তারা বলেন, “শহীদদের রক্তের প্রতিটি ফোঁটা বাংলার মাটিতে আল-কোরআনের শাসন প্রতিষ্ঠার প্রেরণা হয়ে থাকবে ইনশাআল্লাহ।”
এ সময় উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সবার জন্য সমান সুযোগসম্পন্ন নির্বাচন আয়োজনের দাবি জানান। এছাড়া জাতীয় নির্বাচনের আগে একটি গণভোট আয়োজনেরও দাবি তোলেন তারা।
বক্তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “জুলাই বিপ্লবের জনআকাঙ্ক্ষা কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া যাবে না।” সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।