সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : দলের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। প্রথম ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২০৭/১০ (তানভীর ৯*; সাইফ ৩, সৌম্য ৪, শান্ত ৩২, হৃদয় ৫১, মিরাজ ১৭, মাহিদুল ৪৬, নুরুল ৯, রিশাদ ২৬, তাসকিন ০, মোস্তাফিজ ১) মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের ২০৭ রানেই বেঁধে ফেলেছে ক্যারিবিয়ানরা। বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২০৭ রানে গুটিয়ে গেছে। বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই রান রেটের লাগাম ধরে রাখে ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশের ব্যাটাররা বেশিরভাগ সময়ই খোলামেলাভাবে খেলতে পারেননি। ৮ রানে দুই উইকেট হারানোর পর ইনিংস সামাল দেন তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। ৭১ রানের জুটি গড়েন তারা। যদিও শান্তর ব্যাট থেকে আসে তুলনামূলক ধীর গতির ৩২ রানের ইনিংস। তার বিদায়ের পর হৃদয় ও মাহিদুল গড়েন আরও ৯৭ রানের জুটি। হৃদয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫১ রান। তার পর অভিষিক্ত মাহিদুলের ব্যাট থেকে আসে ৪৬। শেষ দিকে রিশাদের ১৩ বলে ১ চার ও ২ ছক্কায় ২৬ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংস দলকে ২০০ রানের ঘর পার করতে সহায়তা করে।
শেষ ওভারের দিকে জেইডেন সিলস দুর্দান্ত বোলিংয়ে গুরুত্বপূর্ণ কিছু উইকেট তুলে নেন। শেফার্ড ছিলেন যথেষ্ট কৃপণ। বোলারদের মধ্যে পিয়ের ছিলেন সেরা। তার ১০ ওভারের স্পেল থেকে মাত্র ১৯ রান খরচায় ১ উইকেট আসে, যা ইনিংসের মাঝপথে বাংলাদেশের রানের গতি কমিয়ে দেয়।
উইকেটের টার্ন ও বোলারদের সহায়তা বিবেচনায় এই রান তাড়া করা সহজ হবে না।
ক্যারিবিয়ানদের হয়ে ৪৮ রানে মোট ৩ উইকেট নেন জেইডেন সিলস। দুটি করে নেন রোস্টন চেজ ও জাস্টিন গ্রিভস। একটি করে নিয়েছেন রোমারিও শেফার্ড ও খ্যারি পিয়েরে।
ঝড়ো ব্যাটিং করতে থাকা রিশাদকে ফেরালেন সিলস
শেষ দিকে ঝড় তুলে বাংলাদেশের স্কোর দুইশর কাছে নিয়ে যাচ্ছিলেন রিশাদ হোসেন। ১৩ বলে ১ চার ও ২ ছক্কায় ২৬ রান করা এই ব্যাটারকে বোল্ড করেছেন জেইডেন সিলস। তাতে ১৯৮ রানে বাংলাদেশ হারায় অষ্টম উইকেট। পরের বলে নতুন ব্যাটার তাসকিনকেও তালুবন্দি করান তিনি। তাতে পড়ে নবম উইকেটও।
নুরুল হাসানের বিদায়ে পড়লো সপ্তম উইকেট
শেষ দিকে এসে শুরু হয়েছে উইকেটের মিছিল। রান বাড়াতে নুরুল হাসান ৯ রানে ক্যাচ তুলে ফিরেছেন। তাতে ১৮২ রানে পড়েছে বাংলাদেশের সপ্তম উইকেট।
৪৬ রানে ফিরলেন অভিষিক্ত মাহিদুল
প্রান্ত আগলে খেলছিলেন অভিষিক্ত মাহিদুল ইসলাম। মিরাজের আউটের পর তিনিও বেশিক্ষণ টেকেননি। ৭৬ বলে ৪৬ রানের ইনিংস খেলে ফিরেছেন। চেজের ঘূর্ণিতে বোল্ড হয়েছেন মাহিদুল। তার ইনিংসে ছিল ৩টি চার। বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারায় ১৬৫ রানে।
১৭ রানে মিরাজের বিদায়
সর্বশেষ দুই ওয়ানডেতে ত্রিশ ওভারও টেকেনি বাংলাদেশ। এবার অবশ্য ধীর গতির ব্যাটিংয়ে সেই লক্ষ্যে খেলেছে টাইগাররা। তাতে অবশ্য প্রত্যাশিত রান জমা হয়নি স্কোরবোর্ডে। হৃদয়ের পর জুটি গড়ে খেলছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মাহিদুল ইসলাম। ৪৩ রান যোগ করেন তারা। কিন্তু রান যথেষ্ট না হওয়ায় ৪৩.৫ ওভারে মেরে খেলতে গিয়ে মাত্র ১৭ রানে ফিরেছেন মিরাজ। চেজের বলে স্লগ সুইপ করতে গিয়ে ২৭ বলে ২ চারে থামেন তিনি। তাতে ১৫৮ রানে বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট।
১১তম ফিফটির পরই আউট হৃদয়
শান্ত টিকতে না পারলেও ধীর গতির ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিচ্ছিলেন তাওহীদ হৃদয়। ৮৭ বলে তুলে নেন ক্যারিয়ারের ১১তম ফিফটি। অভিষিক্ত মাহিদুলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৩৬ রানের জুটি গড়েছিলেন। যদিও অর্ধশতক পূরণের পরই দলের ১১৫ রানে কাটা পড়েন তিনি। তাকে গ্লাভসবন্দি করান জাস্টিন গ্রিভস।
হৃদয় ৫১ রানে কিপারের হাতে ক্যাচ দেওয়ার পর অবশ্য ক্যারিবিয়ানদের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেওয়ার পর দেখা গেছে বল ব্যাটের কানায় লেগেছে। হৃদয়ের ৯০ বলের ইনিংসে ছিল ৩টি চার।
শান্তর বিদায়ে ভাঙলো ৭১ রানের জুটি
৩ বলে দুই ওপেনারের বিদায়ের পর শুরুর ধাক্কা ভালোভাবেই সামাল দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ধীর গতির ব্যাটিংয়ে জুটি গড়েন তারা। ২২.১ ওভারে ৭১ রানের সেই জুটি ভেঙেছে শান্তর বিদায়ে। খ্যারি পিয়েরের বলে ৩২ রানে এলবিডাব্লিউ হন শান্ত। শুরুতে অবশ্য আম্পায়ার আউট দেননি। ওয়েস্ট ইন্ডিজ রিভিউ নিয়ে সাফল্য পেয়েছে।শান্তর ৬৩ বলের ইনিংসে ছিল ৩টি চার। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৭৯ রানে।
ধীর গতির ব্যাটিংয়ে শান্ত-হৃদয়ের পঞ্চাশ ছাড়ানো জুটি
৮ রানে দুই উইকেট হারানোর পর ইনিংস সামলানোর দায়িত্ব কাঁধে তুলে নেন তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। যদিও ধীর গতির ব্যাটিংকে কৌশল হিসেবে নেন তারা। ১৭তম ওভারে ছাড়ায় দলীয় পঞ্চাশ। আর তাদের জুটি পঞ্চাশ পূরণ করে ৯৩ বলে।
৩ বলে সাজঘরে দুই ওপেনার
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। ১.৫ ওভারে রোমারিও শেফার্ডের বলে এলবিডাব্লিউ হয়েছেন ওপেনার সাইফ হাসান (৩)। পরের ওভারের প্রথম বলে জেইডেন সিলসের শিকার হন আরেক ওপেনার সৌম্য সরকারও। সৌম্য আজ একাদশে সুযোগ পেয়েও প্রত্যাশা মেটাতে পারেননি। আক্রমণাত্মক হতে গিয়ে ৬ বলে ৪ রানে চেজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। তার ইনিংসে ছিল ১টি চার।
ভিসা জটিলতায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকলেও খেলা হয়নি সৌম্যর। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাঈম শেখের বদলি হয়ে দলভুক্ত হয়েছেন তিনি।
টস হেরেছে বাংলাদেশ, মাহিদুলের অভিষেক
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভীষণ ব্যর্থ বাংলাদেশ। এবার ছন্দে ফেরার লক্ষ্যে আজ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে নামছে তারা। দুপুরের ম্যাচে অবশ্য টস ভাগ্য সহায় হয়নি। শুরুতে টস জিতে বোলিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে টস হেরেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, শুরুতে ব্যাটিং নিতেন তারা।
গত বছরের নভেম্বর থেকে বাংলাদেশ পরপর চারটি ওয়ানডে সিরিজে হেরেছে। এই সময়ের মধ্যে ১৪ ম্যাচের মধ্যে জিততে পেরেছে মাত্র দুইটি। তবে আশার কথা, ওই চারটি সিরিজের সবকটিই ছিল বিদেশের মাটিতে। ঘরের মাঠে নিজেদের শেষ ওয়ানডে সিরিজে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
এছাড়া ক্যারিবিয়ানদের নিয়ে আছে সুখস্মৃতি। সর্বশেষ ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে এসেছিল। সেবার টাইগাররা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছিল।
একাদশে কারা
বাংলাদেশ আজ দুই ফাস্ট বোলার, তিনজন স্পিনার ও সাত ব্যাটার নিয়ে খেলতে নামছে। অভিষেক হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের।
ওয়েস্ট ইন্ডিজ আবার তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলতে নামছে।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসার মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, , জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, খ্যারি পিয়েরে ও জেইডেন সিলস।