সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : ইউপি চেয়ারম্যানের দুর্নিতির তথ্য সংগ্রহ করতে গেলে নরসিংদী সদরের মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে ৩ সাংবাদিক নির্যাতনের ঘটনায় মাধবদীতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে মাধবদী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন মাধবদী প্রেসক্লাব ও নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান মুফতি কাউছার দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাংবাদিকরা তার এসব অপকর্মের তথ্য সংগ্রহ করতে গেলে তিনি সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে মারধর করে ক্যামেরা ভাঙচুর ও ব্যক্তিগত সামগ্রী ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে চেয়ারম্যান মুফতি কাউছারের বিচার দাবি জানান।
মানববন্ধন শেষে সাংবাদিকরা মৌন মিছিল নিয়ে মাধবদী পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা ঘটনাটি ইউএনওকে অবহিত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।