সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : সত্যঘটনা প্রচার করায় গাজীপুরের নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা ও লাশের উপর নিত্য এবং আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করাসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুড়িগ্রামের গণমাধ্যম কর্মীরা।
সোমবার (১১ আগস্ট-২০২৫) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন সাংবাদিকরা। এসময় গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা ও হত্যা বন্ধের দাবী জানানো হয় এবং তাদের সুরক্ষায় সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহনের দাবীও জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের দর্পন হিসেবে সবসময় সাংবাদিকরা গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। পেশাগত কারণে সত্য উদঘাটন করতে গিয়ে তাদের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর রোষানলে পড়তে হচ্ছে। সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানান দিতে হবে। গণমাধ্যম কর্মীকে হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে কেউ যেন, এধরণের ঘটনা সংঘটিত না করতে পারে এজন্য রাষ্ট্রকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
সাংবাদিকদের উপর জুলুম, নির্যাতন, মামলা অব্যাহত হতে থাকলে আগামীতে সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক, বাংলা ভিশন ও ইনকিলাব জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, সিনিয়র সাংবাদিক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুছ আলী ও মাই টিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল।
এসময় ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি ওয়াহেদুজ্জামান তুহিন, দৈনিক সংগ্রাম এবং ঞযব উধরষু গঁংষরস ঞরসবং পত্রিকার জেলা প্রতিনিধি এবং সবুজবাংলা.কম এর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান, যমুনা টিভির স্টাফ করেসপনডেন্ট নাজমুল হোসেন, কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ তুরাগ, এটিএন নিউজের মনোয়ার হোসেন লিটন, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।