সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল সাড়ে ৭টার দিকে একটি দোকানে আগুন লাগা দেখতে পায় স্থানীয়রা। মুহুর্তের মধ্যেই বাজারের ৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ৫টি দোকানের ফ্রিজ, টিভি, মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
মালেক স্টোরের দোকানদার আব্দুল মালেক বলেন, ‘প্রতিরাতের মতো বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছি। শুক্রবার সকালে ঘুমে থাকা অবস্থায় খবর আসে, আমার দোকান আগুনে পুড়ে গিয়েছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম লিডার আবু মোত্তালেব বলেন, ‘সকাল ৭টা ৫০ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে; এদিন বিকেলে গাইবান্ধা সদর উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান মালিক এবং ব্যাবসায়ী পরিবারের সাথে কথা বলেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পুনর্বাসনে এবং দোকান মালিকরা যেন পুণরায় স্বাভাবিকভাবে ব্যবসার কার্যক্রম পরিচালনা করতে পারে সে জন্য সরকারি তহবিল থেকে দ্রুত সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।