সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রী অটোরিকশায় হেনস্তার শিকার হয়েছেন। এ সময় হেনস্তাকারীরা ওই ছাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও টাকাপয়সা লুট করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাত সোয়া ১০টা থেকে মাইজদী সড়কের চৌমুহনী চৌরাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জানান, কলেজের সব ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আজ কলেজ ক্যাম্পাসে ইফতার ও দোয়া মাহফিল ছিল। ইফতার শেষে কলেজের ১৫তম ব্যাচের ওই ছাত্রী সন্ধ্যা ৭টার দিকে মাইজদী বাসায় যাওয়ার উদ্দেশে চৌরাস্তা থেকে ছেড়ে আসা একটি সিএনজিতে ওঠেন। তখন হেনস্তার শিকার হন। একপর্যায়ে তাঁর কাছে থাকা মোবাইল ফোন এবং ব্যাগে থাকা টাকাপয়সা নিয়ে যায়। এ বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ানকে ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।
নোয়াখালীতে ওষুধের কার্টনে মিলল নবজাতকের মরদেহ
একেএম শাহজাহান ঃ নোয়াখালীর বেগমগঞ্জে একটি ওষুধের কার্টন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার একলাশপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডে রিয়াজুল জান্নাহ মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে চারটার দিকে স্থানীয়রা পুলিশকে ফোন করে জানায় সড়কের পাশে একটি ওষুধের কার্টুনের ভেতর এক নবজাতকের মরদেহ রয়েছে। পুলিশ সদস্যরা গিয়ে কার্টনের ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থান একটি মেয়ে শিশুর মরদেহ দেখতে পান। পরে সেটি উদ্ধার করে পুলিশ বেগমগঞ্জ থানায় নিয়ে আসে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে একদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।