সবুজবাংলা২৪ডটকম, কেশবপুর (যশোর) : যশোরে নবাগত ৭৮ জন আইনজীবী এবং জামায়াত মনোনীত ৫ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, যশোর শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইন পেশায় নতুনদের স্বাগত জানানোসহ ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোঃ মোক্তার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুল কাদের।
বক্তারা বলেন, নতুন আইনজীবীরা ন্যায় ও সত্যের পক্ষে থেকে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রেখে দেশের বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে নবাগত আইনজীবীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের উদ্দেশ্যে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করা হয়। আয়োজনে: বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, যশোর শাখা।