সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বর্তমান ও আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিট সংগঠনগুলোতে আরো সময়োপযোগী, গতিশীল ও যোগ্য এবং তাক্বওয়াবান জনশক্তি তৈরির সূতিকাগারে পরিণত করতে ইউনিট দায়িত্বশীলদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরে আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি রাজধানীর উত্তরখানের মাজার চৌরাস্থ হাবিব ডাইন রেস্টুন্টের রূপটপ হলরুমে উত্তরখান পূর্ব থানা জামায়াত আয়োজিত এক ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর ইসরাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি শামসুল কবির বাহারের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর তাজুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল আউয়াল, শমশের আলী, মারুফ হোসেন, রফিকুল ইসলাম ও আব্দুল হাকিম প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, ইউনিটগুলো হলো মূল সংগঠনের বীজতলা ও শক্তির অন্যতম উৎস। এখান থেকেই মূল সংগঠনে যোগ্য, প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল জনশক্তি সরবরাহ করা হয়। সংগঠন পরিচালনার প্রয়োজনীয় রসদও আসে এখান থেকেই। তাই আগামী দিনে ইসলামী আন্দোলনকে চুড়ান্তভাবে বিজয়ী করতে ইউনিট সংগঠনগুলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে। নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি ও জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য অধ্যবসায়ী ও জ্ঞান চর্চায় মনোনিবেশ করতে হবে। কারণ, আগামীর বিপ্লব অস্ত্রের নয় বরং জ্ঞান ও প্রজ্ঞার বুদ্ধিভিত্তিক বিপ্লব সাধিত হবে। সে কাজে সফলতা ও দক্ষতার সাথে আঞ্জাম দেওয়ার জন্য ইউনিট সংগঠন আরো জনপ্রতিনিধিত্বশীল ও গণমুখী করে তোলা জরুরি। তিনি আর্ত-মানবতার মুক্তি ও ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ইউনিট দায়িত্বশীল সহ সকল স্তরের জনশক্তিকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের ওপর জুলুম-নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা। সে ধারাবাহিকতায় শহীদি কাফেলা জামায়াতের উপর প্রতিষ্ঠালগ্ন থেকেই নানাবিধ বাধা-প্রতিবন্ধকতা সৃষ্টি ও জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। কিন্তু সকল ষড়যন্ত্র ও নিগ্রহের জাল ছিন্ন করে জামায়াত এখন অনন্য উচ্চতায়। জামায়াত এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ও গণভিত্তির রাজনৈতিক দল। তিনি গণভোটের প্রসঙ্গ টেনে বলেন, দেশের ৫ কোটি মানুষ যারা হ্যাঁ ভোট দিয়েছেন প্রকারান্তরে সবাই জামায়াতের পক্ষে রায় দিয়েছেন। অথচ সরকার জুলাই সনদের সাথে প্রতারণা করে দেশ ও জাতির সাথে বেঈমানি করেছে। কিন্তু কোন ষড়যন্ত্রই সরকারের জন্য সুফল বয়ে আনবে না বরং তা তাদের জন্যই হবে বুমেরাং ও আত্মঘাতি। তিনি সরকারকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। অন্যথায় আগামী দিনে তাদের পরিণতি ইতিবাচক হবে না।