ঢাকা : বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয় কিংবা একচেটিয়া জোট গঠনের লক্ষ্যেও পরিচালিত হচ্ছে না বলে জানিয়েছে দেশটি।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের অংশগ্রহণের ১০ বছর’ শীর্ষক ব্লু পেপার প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
‘সিল্ক রোড ধরে স্বপ্নপূরণ, সবার জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ গঠন’ প্রতিপাদ্যে চীনা দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে।
লিউ ইউইন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ়ভাবে সমর্থন জানায়। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকারের প্রতি বেইজিং শ্রদ্ধাশীল। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতেও চীন অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, ‘আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করি। বাংলাদেশের জনগণের জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নপথ বেছে নেওয়ার অধিকারকেও আমরা সম্মান করি।’
বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে কিংবা আলাদা কৌশলগত জোট গঠনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে—এমন ধারণা নাকচ করে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়, কিংবা কোনো একচেটিয়া জোট গঠনের লক্ষ্যেও পরিচালিত হচ্ছে না।’
বরং অন্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা গভীর করার বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানানোর কথাও বলেন তিনি।
চীনের সহায়তায় নির্মিত অবকাঠামো প্রকল্পগুলো বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার পূরণের জন্য নেওয়া হয়েছে উল্লেখ করে লিউ বলেন, ‘চীনের নির্মিত প্রতিটি সেতু বাংলাদেশের জন্য। আমাদের নির্মিত প্রতিটি সড়ক বাংলাদেশের জন্য।’
চীনকে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও আধুনিকায়নের পথে আন্তরিক উন্নয়ন অংশীদার হিসেবে বর্ণনা করেন তিনি। তাঁর ভাষ্য, চীন অন্য দেশের ওপর নিজেদের উন্নয়ন মডেল চাপিয়ে দিতে চায় না। সহযোগিতার ক্ষেত্রে রাজনৈতিক শর্ত আরোপ কিংবা নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ারও লক্ষ্য নেই দেশটির।
তিনি বলেন, ‘আমরা সমতায় বিশ্বাস করি, বন্ধুত্বকে মূল্য দিই এবং মানুষের হৃদয় জয় করে তাদের জন্য দৃশ্যমান সুফল বয়ে আনে—এমন পদক্ষেপকে অগ্রাধিকার দিই।’
দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তুলে ধরে লিউ বলেন, সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের মৌলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমর্থন দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগিতার জন্য প্রয়োজনীয় আস্থা তৈরি করেছে। এ সময় এক চীন নীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার এবং তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতারও প্রশংসা করেন তিনি।
বিআরআই সহযোগিতায় এক দশক
লিউ ইউইন বলেন, গত এক দশকে বিআরআই সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশের নেতাদের রাজনৈতিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২০১৬ সালের ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা স্মরণ করে তিনি বলেন, ওই সময় বিআরআই সহযোগিতা বিষয়ে দুই দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে বিআরআইয়ের যৌথ সহযোগিতা বিষয়ে এটিই চীনের প্রথম সরকারি পর্যায়ের চুক্তি বলে উল্লেখ করেন তিনি।
পরবর্তী সময়ে বাংলাদেশ-চীন সম্পর্ক ২০১৬ সালের সহযোগিতামূলক কৌশলগত অংশীদারত্ব থেকে ২০২৪ সালে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত হয়েছে বলেও জানান তিনি।
২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে লিউ বলেন, ওই সময় দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অভিন্ন ভবিষ্যৎ বিনির্মাণে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়।
শিল্প ও বাণিজ্যে সহযোগিতার সম্ভাবনা
অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে লিউ বলেন, চীনের অব্যাহত অর্থনৈতিক উন্নয়ন ও শিল্প খাতের রূপান্তর বাংলাদেশের রপ্তানিকারক, উৎপাদক ও বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
চীনের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্প সরবরাহব্যবস্থা এবং বাজারে প্রবেশের সুযোগ বাংলাদেশের উৎপাদন খাত সম্প্রসারণে সহায়ক হতে পারে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক মূল্য সংযোজন শৃঙ্খলে বাংলাদেশের আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে।
শিল্প সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বস্ত্র ও পোশাক, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, ব্যাটারিতে জ্বালানি সংরক্ষণ, বৈদ্যুতিক গাড়ি সংযোজন এবং ইলেকট্রনিকস শিল্পের কথা উল্লেখ করেন তিনি। চীনের প্রযুক্তি ও বাংলাদেশের উৎপাদন সক্ষমতার সমন্বয়ে নতুন শিল্প সহযোগিতা গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন।
ডিজিটাল ও পরিবেশবান্ধব উন্নয়নেও সহযোগিতা
ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে চীনা কূটনীতিক বলেন, ভৌত অবকাঠামোর পাশাপাশি ডিজিটাল যোগাযোগ, পরিবেশবান্ধব উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং তরুণদের মধ্যে বিনিময় কর্মসূচিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত চীন।
তিনি বলেন, ভবিষ্যতে বিআরআই সহযোগিতায় বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকেন্দ্রিক ছোট ছোট উদ্যোগও বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে।
আগামী দশকে দুই দেশের সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন লিউ ইউইন।
উল্লেখ্য, ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিআরআই কাঠামোতে বাংলাদেশের অংশগ্রহণের এক দশক পূর্তি উপলক্ষে ‘ব্লু পেপার’ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সেন্টার ফর অলটারনেটিভস, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশে চীনা এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।