সবুজবাংলা২৪ডটকম, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই কৃষক ফসলের মাঠে ধান কাটতে গিয়ে এবং এক যুবক মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠ ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮), আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)।
আক্কাস ফকির ও তারেক ফকির সম্পর্কে দাদা-নাতি ছিলেন। বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে এক ব্যক্তির জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন আক্কাস ফকির ও তারেক ফকির। এ সময় বেলা ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে, একই সময়ে বৃষ্টি শুরু হলে গুয়াতা আটনিতাপাড়া গ্রামের যুবক নয়ন তালুকদার মাঠ থেকে গরু আনতে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরে বিকেলে স্থানীয় লোকজন মাঠে গিয়ে দেখতে পান, বজ্রপাতে নয়ন তালুকদারের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।