সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার বিশেষ আদালতের মাধ্যমে ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার পল্লবীর ঘটনায় সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছে। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন। কিন্তু এরপরও কলাবাগানে একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে। এটি আমাদের সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকটের বহিঃপ্রকাশ।’
তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনা ও এর ভয়াবহতা এখন সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। সমাজ সংস্কার এবং ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করার প্রয়োজন রয়েছে। কিছু অপসংস্কৃতির কারণে সমাজে এ ধরনের অপরাধ বাড়ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিচার নিশ্চিত করা। গত তিন মাসে সংঘটিত প্রতিটি ঘটনায় দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারে আমরা সফল হয়েছি। ভবিষ্যতেও এ ধরনের ঘৃণ্য অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি জানান, রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার সাত ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে আসামি তার স্ত্রীকে সহযোগী হিসেবে উল্লেখ করায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রুত আদালতের অনুমতি নিয়ে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তিন দিনের মধ্যেই রিপোর্ট পাওয়া গেছে। পোস্টমর্টেম রিপোর্টও হাতে এসেছে। সব তথ্য-প্রমাণ একত্র করে চার্জশিট প্রস্তুতের কাজ গত রাতেই শেষ হয়েছে।’
তিনি আরও জানান, আদালতে আজই চার্জশিট জমা দেওয়া হবে। এ মামলার বিচার দ্রুত শেষ করতে বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘শুধু এই মামলাটি পরিচালনার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিচার কার্য সম্পন্ন হবে।’
এ সময় আরও বক্তব্য দেন সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসউদুল হক এবং সঞ্চালনা করেন উবায়দুল্লাহ বাদল।