• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

মাধবদীতে অপরিপক্ক লিচুর ছড়াছড়ি, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

মোঃ আল আমিন :
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মোঃ আল আমিন, নরসিংদী প্রতিনিধি : মৌসুমের শুরুতেই অপরিপক্ক ও স্বাদহীন লিচুতে সয়লাব হয়ে গেছে নরসিংদীর শিল্পাঞ্চল খ্যাত মাধবদী বাজারে। বেশি লাভের আশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা গাছ থেকে কাঁচা ও টক স্বাদের লিচু পেড়ে বাজারে বিক্রি করছেন। তবে চিকিৎসকরা বলছেন, এসব লিচু খেয়ে শিশুদের বমি, পেটে ব্যথাসহ মারাত্মক হাইপোগ্লাইসেমিয়া ও খিঁচুনি হওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিনে দেখা গেছে, মাধবদী পৌর শহরের পোস্ট অফিস মোড়, স্কুল মার্কেটের সামনে, বাসস্ট্যান্ড, মাধবদী বাজারের ফল পট্রি সহ আশপাশের বিভিন্ন হাট-বাজারে এখন কাঁচা ও আধা-পাকা লিচুর ছড়াছড়ি। বর্তমানে বাজারে প্রতি ১০০ পিস দেশি মোজাফ্ফর জাতের লিচু ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।পোস্ট অফিস মোড়ের এক লিচু বিক্রেতা জানান, বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচু বাজারে আসতে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগবে। তাই বসে না থেকে গত এক সপ্তাহ ধরে তিনি আগাম জাতের মোজাফ্ফর লিচু বিক্রি করছেন।
বাজারে আসা অনেক ক্রেতাই লিচুর প্রকৃত স্বাদ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মাধবদী স্কুল সুপার মার্কেটের সামনে লিচু কিনতে আসা নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজ শিক্ষার্থী ইকরা জাহান বলেন, “হালকা টক লাগলেও বান্ধবীদের সঙ্গে খাওয়ার জন্য প্রতি পিস তিন থেকে সাড়ে তিন টাকা দরে লিচু কিনেছি।”
মাধবদী বাজারের একজন পাইকারী লিচু বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, কিছু বাগান মালিক বেশি লাভ ও দ্রুত টাকা পাওয়ার আশায় অপরিপক্ব লিচু বিক্রি করছেন। এতে ক্রেতারা যেমন লিচুর প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। তিনি বলেন, “আরও আট-দশ দিন পর বাজারে পাকা ও রসালো লিচু আসবে।” অপরিপক্ক লিচুর ক্ষতিকর দিক তুলে ধরে মাধবদী প্রাইম জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রায়হান আমির বলেন, “খালি পেটে এসব কাঁচা লিচু খেলে শরীরের গ্লুকোজ তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এর ফলে গুরুতর হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বমি, পেটে ব্যথা, এমনকি খিঁচুনি হওয়ার মতো ঝুঁকি রয়েছে।”ড.রায়হান আমির আরো বলেন, “অপরিপক্ব যেকোনো ফলই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সময়ের আগে ফল পাকাতে রাসায়নিক ব্যবহার করতে হয়। বিশেষ করে শিশুরা এসব ফল দেখে আকৃষ্ট হয় এবং অভিভাবকদের কিনতে বাধ্য করে।”
তিনি বলেন, “লিচু একটি অত্যন্ত পুষ্টিকর ফল। পরিপক্ব অবস্থায় এতে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল থাকে। কিন্তু অপরিপক্ব অবস্থায় এবং রাসায়নিক ব্যবহারের ফলে তা শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। শিশুদের হার্ট, ফুসফুস ও পাকস্থলী পুরোপুরি পরিণত না হওয়ায় তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।”
এ বিষয়ে মাধবদী পৌরসভার বাজার পরিদর্শক চন্দন বাবু বলেন, “বাজারে আসা বেশিরভাগ লিচুই অপরিপক্ক। গ্রাহকদের প্রতি আমাদের আহ্বান, আপনারা এ লিচু কিনবেন না। একই সঙ্গে বিক্রেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা অন্তত আরও এক সপ্তাহ পর পরিপক্ক লিচু বাজারে আনেন। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কোনো লিচুতে ক্ষতিকর কেমিক্যালের মিশ্রণ পাওয়া গেলে বিক্রেতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সুজন-সুশাসনের জন্য নাগরিকের মাধবদী শাখার সভাপতি ও মাধবদী প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন বলেন- “বর্তমানে বাজারে ছোট ছোট বিভিন্ন সাইজের লিচু বিক্রি হতে দেখা যাচ্ছে। জ্যৈষ্ঠের আগে লিচু কল্পনাও করা যায় না। বাজারে যেসব লিচু বিক্রি হচ্ছে সেগুলোতে রাসায়নিক ব্যবহার করা হয়েছে। শিশুরা না বুঝেই অভিভাবকদের কাছে আবদার করে এসব লিচু খেতে চাইছে। অপরিপক্ব লিচু খাওয়ার কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।” তিনি ও স্থানীয়রা এ বিষয়ে নরসিংদী কৃষি বিভাগ ও প্রশাসনের নজরদারি বৃদ্ধির জোড় দাবি জানান।

নরসিংদীতে ইত্যাদি অনুষ্ঠানে মোবাইল চুরির হিড়িক, প্রসাশনের নীরব ভুমিকা নিয়ে প্রশ্ন
সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : বিটিভির জনপ্রিয় বিনোদন মূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং স্পটে এসে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকের প্রায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা প্রসাশনের সহযোগিতা পাননি বলে প্রশ্ন তুলেছেন।
বুধবার (২০ মে) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর হাইস্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহিদ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে হানিফ সংকেতের উপস্থাপনায় পরিচালিত জনপ্রিয় “ইত্যাদি’র” মত অনুষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানটি উপভোগ করার জন্য অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য অতিথিদের পাসের ব্যবস্থা ছিল। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও অনুষ্ঠানের আয়োজকদের অব্যবস্থাপনার কারণে প্রবেশ গেটে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসময় পাসধারী উপস্থিত নারী শিশুসহ হাজার হাজার দর্শককে তীব্র ঠেলাঠেলি হট্রগোল করে ভেতরে প্রবেশ করতে হয়। আর এই ধাক্কাধাক্কির সুযোগকে কাজে লাগিয়ে অনুষ্ঠানস্থলে আগে থেকে অবস্থান নেওয়া একটি সংঘবদ্ধ চোর দল দর্শকদের পকেট ও ভ্যানিটি ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যওরা ব্যর্থ হন বলে অভিযোগ করেন।
এদিকে দর্শক প্রিয় এই অনুষ্ঠানটি উপভোগ করতে প্রায় তিন হাজার অতিথির বসার জন্য আসন বরাদ্দ করেছিল কর্তৃপক্ষ। কিন্তু পাস ছাড়া আরও কয়েক হাজার বহিরাগত ব্যক্তি পুলিশী বাধা উপেক্ষা করে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে যাওয়া ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক ও প্রতিদিনের সংবাদসহ অন্তত ৭ জন কর্মরত সাংবাদিকের স্মার্টফোন (মোবাইল) চুরি হয়ে যায়। পরে চরম অব্যবস্থাপনার ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে শত শত পাসধারী অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী এক সাংবাদিক বলেন, অনুষ্ঠানের প্রধান ফটকে ব্যাপক হট্টগোল দেখা দেয়। আমরা কয়েকজন সাংবাদিক ভেতরে প্রবেশ করে দেখি আমার মোবাইলটি নেই। তাৎক্ষণিক গেইটে দায়িত্বরত পুলিশ সদস্যকে বিষয়টি জানাই। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আরও ৬ জন সাংবাদিক এবং জেলা প্রশাসনের ১ জন কর্মচারীসহ অন্তত ৪৫ জন দর্শক তাদের মোবাইল চুরির কথা পুলিশকে অবহিত করেন।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ বা জিডি হয়নি। অনুষ্ঠানস্থল থেকে বেশ কিছু দর্শকের মোবাইল চুরি হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় জিডি করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত মোবাইল গুলো উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করবো। তিনি আরও বলেন, ইত্যাদি অনুষ্ঠানে আমন্ত্রিত দর্শকদের পাশাপাশি সম্ভবত একটি সংঘবদ্ধ চোর চক্র অনুষ্ঠানের আশেপাশে অবস্থান নিয়েছিল। অতিরিক্ত ভিড় এবং দর্শকদের প্রবেশধারে জটলা না পাকানোর জন্য বার বার অনুরোধ করার পাশাপাশি তাদের হ্যান্ড ব্যাগ ও মোবাইল ফোন সাবধানে রাখতে বলা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category