সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগরে কোটিপতি প্রবাসী ছেলের অবহেলায় মানবেতর জীবনযাপন করছেন অসহায় বৃদ্ধ পিতা-মাতা। অভাব-অনটনের তাড়নায় দিনের পর দিন অনাহারে-অর্ধাহারে কাটছে তাদের জীবন। অসুস্থ মায়ের চোখে এখন শুধু অশ্রু আর ছেলেকে ফিরে পাওয়ার আকুতি।
জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামের বাসিন্দা আঃ বারেক বয়াতীর ছেলে মোঃ মেহেদী হাসান বয়াতী (৩৬) বর্তমানে দুবাই প্রবাসী। দীর্ঘদিন প্রবাসে থেকে তিনি বিপুল অর্থ উপার্জন করেছেন। একসময় তার পাঠানো টাকায় সুখেই চলছিল বৃদ্ধ বাবা-মায়ের সংসার। কিন্তু প্রায় এক বছর ধরে ছেলে তাদের কোনো খোঁজখবর নিচ্ছেন না। এমনকি ভরণপোষণের জন্য একটি টাকাও পাঠাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তার বাবা-মা। পরিবারের দাবি, মেহেদীর স্ত্রী সাবরিনা আক্তার মীমের কুমন্ত্রণার কারণেই ছেলে বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। ফলে অসহায় এই বৃদ্ধ দম্পতি এখন প্রতিবেশীদের সহানুভূতি আর দয়ার উপর নির্ভর করে বেঁচে আছেন।
মেহেদীর মা মিনারা বেগম বলেন, “আমি খুব অসুস্থ। আমার একটি হাত প্যারালাইসড, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছি। প্রতি মাসে অনেক টাকার ওষুধ লাগে। কিন্তু আমার ছেলে তার স্ত্রীর কথায় আমাদের টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। এখন আমরা খেয়ে না খেয়ে দিন কাটাই। প্রতিবেশীরা সাহায্য না করলে হয়তো বাঁচতেই পারতাম না।”
কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, “আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। এই বৃদ্ধ বয়সে ছেলে ছাড়া আমাদের দেখার কেউ নেই। আমরা বাঁচতে চাই। দেশের মানুষের কাছে অনুরোধ, আমাদের পাশে দাঁড়ান।”
অন্যদিকে বৃদ্ধ পিতা আঃ বারেক বয়াতী জানান, বয়সের ভারে এখন আর কোনো কাজ করতে পারেন না। ভিটেবাড়ি ছাড়া তাদের আর কোনো সম্পদ নেই। সন্তানের অবহেলায় তারা আজ চরম অসহায় অবস্থায় দিন পার করছেন। স্থানীয়রা জানান, ছেলের এমন আচরণে এলাকাজুড়ে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা দ্রুত প্রবাসী ছেলেকে বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন।