সবুজবাংলা২৪ডটকম, রাজবাড়ী : চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বার্তা ২৪-এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।
জানা গেছে, একই দিন সকালে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা তার মেয়ে ও মেয়ের জামাইয়ের সঙ্গে বালিয়াকান্দি থেকে রাজবাড়ী কোর্টে একটি জরুরি কাজে আসেন। তিনি তাদের বসিয়ে রেখে রিকশায় করে রেলগেট এলাকার সালমা হোটেলে সকালের নাস্তা করতে যাচ্ছিলেন। এ সময় পান্না চত্বর এলাকা পার হওয়ার সময় রিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেলায়েত হোসেন বলেন, বৃদ্ধা নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।