সবুজবাংলা২৪ডটকম, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার ১ নং কুশলী ইউনিয়নের নীলফা মধ্যপাড়ায় ঐতিহ্যবাহী গ্রামীণ বিনোদন হিসেবে বিশাল ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দূরদূরান্ত থেকে মানুষ এসে এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন।
জানা যায়, আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ কদর আলী শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চান মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এই ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। আয়োজনে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তার হোসেন ও মাসুদুর রহমান। এছাড়াও পরিচালক হিসেবে কামরুল মোল্লা পুরো কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং এলাকার মানুষের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি করতেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
এ সময় দর্শনার্থীরা বলেন, এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতির একটি অংশ, যা মানুষকে একত্রিত করে এবং এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তারা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পুরো আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে তারা জানান।