সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার অনুষ্ঠিত হয়েছে জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিনিধি সম্মেলন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা এবং সেরা বিজ্ঞাপনদাতা ও রিপোর্টিংয়ে প্রতিনিধিদের সম্মাননা প্রদান।
দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট লায়ন মোঃ গনি মিয়া বাবুল, দৈনিক নবচেতনার নির্বাহী সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব রিদুয়ান খন্দকার, বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ জহির ইবনে মুসলিম, সহকারী সম্পাদক মির্জা সিনথিয়া, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও সহকারী সম্পাদক -মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও আবৃত্তিকার শাহ আলম সুরমা এবং সাংবাদিক ও সমাজসেবী ফাতেমা সাথী।
বিশিষ্ট টিভি উপস্থাপক ও সাংবাদিক সালাম মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক নবচেতনার চট্টগ্রাম ব্যুরো চিফ মোঃ আমিনুল হক শাহীন, চট্টগ্রাম কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহেরুল কাদের, সর্বাধিকার সংগঠক তালুকদার মনিরুজ্জামান মনির, ফেনী জেলা প্রতিনিধি মোঃ শাহেদ চৌধুরী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি আতাউর রহমান, জামালপুর জেলা প্রতিনিধি রুহুল আমিন রাজুসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে মফস্বল পর্যায়ে সেরা বিজ্ঞাপনদাতা হিসেবে প্রথম স্থান অর্জন করেন আমিনুল হক শাহীন, দ্বিতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ শাহেদ চৌধুরী এবং তৃতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ রুহুল আমিন রাজু। অন্যদিকে ঢাকা সিটির মধ্যে সেরা বিজ্ঞাপনদাতা হিসেবে প্রথম স্থান অধিকার করেন নবচেতনার সিনিয়র রিপোর্টার জাকির হোসেন হারুন, দ্বিতীয় স্থান অর্জন করেন উত্তম কুমার ধাম এবং তৃতীয় স্থান অধিকার করেন পীযূষ কুমার বিশ্বাস। বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি শওকত আলী খান বাদল ও ফটোসাংবাদিক মোঃ আলাউদ্দিন খোকন।
সভাপতির বক্তব্যে সম্পাদক ও প্রকাশক লায়ন মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “সত্য ও নির্ভীক সাংবাদিকতার ধারাবাহিকতায় দৈনিক নবচেতনা ৩৫তম বছরে পদার্পণ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, “সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই দৈনিক নবচেতনা দেশের ১৫তম জাতীয় দৈনিক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ভবিষ্যতেও সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি দেশের শীর্ষস্থানীয় দৈনিকে পরিণত হবে।” আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মিলনমেলার সমাপ্তি ঘটে।