সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে জার্নালিজম ফর সুন্দরবনস্ ফোরাম-এর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সদস্য খালিদ আবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, এ্যাড. ওয়াহিদ হাসান বাবু, ইমাম হোসেন মাসুদ, জিয়াউল হক, হাসান মামুন, প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া, নেছারাবাদ উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন ফোরামের সদস্য হারিসুল ইসলাম।
বক্তারা বলেন, নদী ও খালবিলের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিক বর্জ্য সুন্দরবনের বিভিন্ন এলাকায় পৌঁছে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এসব বর্জ্য জলজ প্রাণী, বনাঞ্চলের জীববৈচিত্র্য এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা জানান, সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার অন্যতম প্রধান ঢাল।
সভায় বক্তারা পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে জনসচেতনতা বৃদ্ধি, বাজার ও দোকানগুলোতে বিকল্প পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের নজরদারি বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক সংগঠন, সাংবাদিক ও তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া সুন্দরবনকে প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব নয়। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
সভা শেষে সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জ্য প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।