নিজস্ব প্রতিবেদক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : শিক্ষা খাতই বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (৮ মে) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘বাংলাদেশ-চীন রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সিপারিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ও চীনের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় করে গড়ে তোলা। সেই সেতুর মূল উপকরণ কি হবে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এ সেতুবন্ধনের মূল উপকরণ কংক্রিট, সিমেন্ট, বা রড নয়। বরং এ সেতুবন্ধনের মূল উপাদান হবে শিক্ষা।
বাংলাদেশ ও চীনের সুসম্পর্কের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ সম্পর্ক বিনির্মাণে জোর দিয়েছিলেন। এ সম্পর্কই আগামীর প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে চীন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ। আমরা যদি এ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলে দেশকে আরও উন্নত পর্যায়ে নিতে সক্ষম হবো। এজন্য আমাদের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন খাতে গুরুত্ব দিতে হবে। দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বাড়াতে হবে।