সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আয়োজন করেছে দেশের অন্যতম বড় ক্যারিয়ার প্ল্যাটফর্ম “ডিআইইউ জব উৎসব-২০২৫”। ২৯-৩০ নভেম্বর, ২০২৫ তারিখে রাজধানীর সাভারের বিরুলিয়াতে অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে দুই দিনব্যাপী এই আয়োজন করা হয়। “Connecting Talents: Unlock the Border of Opportunities,” থিমকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে ৩৫টি ইন্ডাস্ট্রির ১৫০টিরও বেশি জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এই মেলায় ৩,৫০০-এর বেশি লাইভ চাকরির সুযোগ এবং ১,০০০-এর বেশি ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা। আয়োজনটিতে ৪,০০০ স্নাতক শিক্ষার্থী, ৮,০০০-এরও বেশি অ্যালামনাইসহ মোট ৪০,০০০-এর বেশি অংশগ্রহণকারীর উপস্থিতিতি থাকবে।
২৯ নভেম্বর সকাল ১০:০০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি–এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব নাবিল মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআইইউ-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড. মোহাম্মদ নাদির বিন আলী, রেজিস্ট্রার; মোঃ মনজুরুল হক খান, পরিচালক, সিডিসি, সহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের প্রশাসনিক নেতৃত্ব।
ডিআইইউ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম আর কবীর অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বার্তায় বলেন যে, স্কিল, প্রযুক্তি ও কর্মসংস্থানের সমন্বয়ের মাধ্যমে ডিআইইউ শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এবারের জব উৎসব তরুণদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক সুযোগের নতুন দুয়ার খুলে দিয়েছে। তিনি অংশগ্রহণকারী, নিয়োগদাতা ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আরও উল্লেখ করেন যে, এ ধরনের উদ্যোগ আগামী বাংলাদেশের কর্মশক্তিকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামুখী করে তুলবে।
জনাব নাবিল মোস্তাফিজুর রহমান বলেন, ডিআইইউয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যেই দেশের কর্মসংস্থানের ক্ষেত্র বদলে দিচ্ছে। এই জব উৎসব তরুণদের জন্য সম্ভাবনার নতুন জানালা খুলে দিয়েছে।
জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, এত বৃহৎ পরিসরের ক্যারিয়ার ফেস্ট আয়োজন করা নিঃসন্দেহে প্রশংসনীয়। তরুণ প্রজন্মের জন্য এটি বাস্তব সুযোগের এক অনন্য মাধ্যম।
ডিআইইউ-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, ডিআইইউ জব উৎসব-২০২৫ আমাদের শিক্ষার্থীদের জন্য শুধু একটি চাকরি মেলা নয়, বরং দক্ষতা, প্রস্তুতি ও বাস্তব কর্মসংস্থানের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সক্ষমতা উন্নয়ন ও ইন্ডাস্টি ইউনিভার্সিটি কানেক্টিভিটি বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় অংশগ্রহণকারীরা অন-স্পট ইন্টারভিউ, সিভি জমাদান, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রম এবং চাকরির সুযোগ সম্পর্কে সরাসরি জানা–শোনার সুযোগ পাবেন। পাশাপাশি ৩০০–এরও বেশি মানবসম্পদ বিশেষজ্ঞের সঙ্গে নেটওয়ার্কিং, ক্যারিয়ার প্রস্তুতি বিষয়ক কর্মশালা এবং সিভি ক্লিনিকের মতো প্রয়োজনীয় সেবাও পাওয়া যাবে। এ আয়োজনটি শিক্ষার্থী ও তরুণদের ক্যারিয়ার পরিকল্পনায় সরাসরি দিকনির্দেশনা দেবে এবং সম্ভাবনাময় কর্মসংস্থানের দুয়ার উন্মোচন করবে।