সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে রায় কার্যকরের দাবি উঠেছে। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর পলাতক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফিরিয়ে আনার দাবি তোলা হয়েছে। এখন আইনগত প্রশ্ন হলো- তাদেরকে কীভাবে ফিরিয়ে আনা হবে? ফিরিয়ে আনা হবে কোন প্রক্রিয়ায়?
অন্তর্র্বতী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ভারতকে চিঠি দেওয়া হবে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ভারতকে তাদের ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে।
পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, পলাতকদের ফেরত আনার দুটি পথ রয়েছে। পাশাপাশি এ বিষয়ে আইনি প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
গতকাল সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্য্যানেল। রায়ের পর প্রতিক্রিয়া জানান চিফ প্রসিকিউটর ও আইন উপদেষ্টা। বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও।