সবুজবাংলা২৪ডটকম, জাবি : এর আগে কয়েক দফায় পরিবর্তন করা হয়েছে ফল ঘোষণার সময়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল থেকে চলে ভোট গণনা কার্যক্রম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি (সহ-সভাপতি) পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সমন্বিত প্যানেলের আব্দুর রশিদ জিতু। জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম।
ভোটগ্রহণের দুদিন পর পর আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়। প্রথমে ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়। এরপর কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে এজিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা জয় পেয়েছেন।
অন্যান্য পদে জয়ী হয়েছেন যারা-
পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান
খাদ্যনিরাপত্তা সম্পাদক: হুসনি মোবারক
সহ সমাজসেবা সম্পাদক: তৌহিদ হাসান
সমাজসেবা সম্পাদক: আহসান লাবিব
তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইসলাম
সহ ক্রীড়া সম্পাদক (পুরুষ): মাহাদী হাসান
সহ সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা
সহ ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আকতার
সহ সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দীন
সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন। ফল ঘোষণার কথা শুনে প্রার্থী ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে জড়ো হতে শুরু করেন।
উল্লেখ্য, জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৫ ঘণ্টা পার হওয়ার পর ভোট গণনা শেষ হয়েছে। আজ দুপুর ২.৪৫ মিনিটে সিনেট ভবনে অবস্থিত নির্বাচন কমিশনের ভোট গণনাকারী কর্মকর্তাদের কাছে এই তথ্য পাওয়া যায়।
কর্মকর্তারা জানান, ‘৩০ মিনিট আগেই ভোট গণনা শেষ হয়েছে। তবে ব্যালট গুছিয়ে রাখার কাজ এখনো চলছে।’
এর আগে কয়েক দফায় পরিবর্তন করা হয়েছে ফল ঘোষণার সময়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল থেকে চলে ভোট গণনা কার্যক্রম।
৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিন রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। তবে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হওয়ায় প্রক্রিয়াটি এখনও শেষ হয়নি।
নির্বাচন কমিশনের সদস্যরা বিভিন্ন সময় গণনা শেষ হওয়ার সম্ভাব্য সময় উল্লেখ করলেও, তা বাস্তবায়িত হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান, রাত ১০টা থেকে ১১টার মধ্যে গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশের আশা করা হচ্ছে।
গতকাল প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেছিলেন, ‘আমরা চেষ্টা করছি শুক্রবার রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করতে। তবে নির্দিষ্ট সময় জানানো সম্ভব নয়।’
তিনি বলেন, ‘আমাদের একজন সহকর্মীর মৃত্যুর পর ভোট গণনা প্রক্রিয়া ধীর গতিতে চলছিল। আবারো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে মিটিংয়ের পর ভোট গণনা শুরু হয়। আমরা ইতোমধ্যে হল সংসদের গণনা শেষ করেছি। এখন কেন্দ্রীয় সংসদের গণনা চলছে।’
এবারের নির্বাচনে জাকসু ও হল সংসদের ৩৪০টি পদের বিপরীতে ৬২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে হল সংসদের ৩১৫টি পদের মধ্যে ১৩১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ৬৮টি পদ এখনও শূন্য রয়েছে। আর কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৭ জন প্রার্থী, যার মধ্যে ১৩২ জন ছাত্র ও ৪৫ জন ছাত্রী।
নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়।