সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : ভুল চিকিৎসার অভিযোগে রাহা মনি(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে নরসিংদীর একটি বেসরকারি হাসপাতালে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নরসিংদী পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকার লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত রাহা মনি রায়পুরা উপজেলার হাঁটুভাঙা এলাকার বাসিন্দা নিজামুল হক ও তানিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান। পরিবারের সদস্যরা জানান, টনসিল অপারেশনের জন্য রাহা মনিকে হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের সময় রোগীকে এনেস্থেশিয়া (অজ্ঞান করার ইনজেকশন) দেন নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুদীপ্ত সাহা এবং অপারেশন করেন নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. তন্ময় কর। তবে অপারেশনের প্রায় এক ঘণ্টা পরই মারা যায় রাহা মনি। পরিবারের দাবি ভুল চিকিৎসার কারণেই তাদের একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় স্বজনরা ক্ষুব্ধ হয়ে তারা দুই চিকিৎসককে মারধর করে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থল হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই চিকিৎসককে হেফাজতে করে নরসিংদী মডেল থানায় নিয়ে যায়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, “লাইফ কেয়ার হাসপাতালে শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”