সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ভারতের ‘নিটওয়্যার রাজধানী’ তিরুপ্পুরে রপ্তানিকারকরা এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্কের প্রভাব অনুভব করতে শুরু করেছেন। তারা জানিয়েছেন, ট্রাম্পের শুল্কারোপের জেরে বহু ক্রয়াদেশ স্থগিত হচ্ছে, অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে অথবা সম্পূর্ণরূপে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছে চলে যাচ্ছে, যাদের ওপর আরোপিত শুল্কহার তুলনামূলক কম।
ক্রয়াদেশ হারাচ্ছে ভারত : তিরুপ্পুরের এক রপ্তানিকারক জানান, তার নিয়মিত মার্কিন চালান এরই মধ্যে পাকিস্তানে চলে গেছে। আরেকজন বলেন, তার মার্কিন ক্রেতা গ্রীষ্মকালীন অর্ডার নিশ্চিত করার আগে ‘অপেক্ষা করতে’ বলেন। তৃতীয়জন বলেন, আগে ক্রেতারা রপ্তানিকারকদের ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধির বোঝা নিজেরা বহন করতে বলতো—এখন যা এক লাফে দ্বিগুণ হয়েছে।
ভারতের ওপর আগের শুল্কের সঙ্গে নতুন শুল্ক যোগ হয়ে কিছু বোনা পোশাকের ক্ষেত্রে কার্যকর হার দাঁড়াচ্ছে ৬৪ শতাংশ পর্যন্ত। ফলে এসব পণ্যের দাম আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অন্তত ৩৫ শতাংশ বেশি হয়ে যাচ্ছে। প্রথমে এটিকে কেবল ‘বড় ধাক্কা’ মনে করা হয়েছিল, এখন রপ্তানিকারকরা তাকে ‘ডি ফ্যাক্টো বাণিজ্য অবরোধ’ হিসেবে দেখছেন।