সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : বাংলাদেশে বিগত ৫৩ বছরের যারাই ক্ষমতায় এসেছে তারাই জনগণকে শুধু ধোঁকা’ই দিয়েছে, বাংলাদেশের মানুষ এ থেকে মুক্তি চায়। বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার, ফ্যাসিস্টদের দেখতে চায় না। আর কাউকে ফ্যাসিস্ট হতে দিতে চায় না। আমাদের কথা পরিষ্কার, আগে গণহত্যার বিচার, তারপর হবে সংস্কার, পরে দেখা যাবে নির্বাচন। নির্বাচন হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে, কারণ বাংলাদেশে আর কাউকে স্বৈরাচার, ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না। ২৪জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায়, পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ফয়জুল করিম (পীর সাহেব চরমোনাই) এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত মানবাধিকার হচ্ছে, সেখানে জাতিসংঘকে খুঁজে পাওয়া যায় না। অথচ বাংলাদেশে, যেখানে মানবাধিকার রক্ষার জন্য বিদেশি কার্যালয়ের কোনো প্রয়োজন নেই, সেখানে তারা অফিস খুলতে চায়। এটা আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ।
পীর সাহেব বলেন, আমরা বাংলাদেশে জাতিসংঘের কোনো মানবাধিকার কার্যালয় চাই না। আমাদের রাষ্ট্রের নিজস্ব সংবিধান, আইন-আদালত, মানবাধিকার কমিশন ও সচেতন জনগণ রয়েছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না। এ ধরনের কার্যালয় স্থাপন করলে তা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় বিঘ্ন ঘটাতে পারে।
জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি, মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার সভাপতি, মুহাম্মাদ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, মুহাম্মাদ আরিফুল ইসলাম আদিফ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর শাখার সভাপতি মুহাম্মাদ মুহিববুল্লাহ হাওলাদারসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।