সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরুজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। মঙ্গলবার (০৮ জুলাই) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।
জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমন সাক্ষরিত প্রেস বিজ্ঞিপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি আদর্শ ও সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ডাঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরুজ্জামান মনিরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে হামলার ঘটনা ঘটে। চাঁদা না দেয়ায় একদল সন্ত্রাসী এ হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ করে কারখানা কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে যুবদল নেতা মনিরুজ্জামানকে প্রধান আসামী করে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে পলাশ থানায় চাঁদাবাজির মামলা করেন। শনিবার (০৫ জুলাই) দিবাগত রাতে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
নরসিংদীর আলোকবালী বিএনপি নেতা কাইয়ুম সরকার বহিষ্কার
দলীয় আদর্শ, শৃঙ্খলা ভঙ্গ ও দলের আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বহিষ্কারাদেশ বিজ্ঞপ্তিতে আব্দুল কাইয়ুম সরকারের অপরাধের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
স্থানীয়রা জানান, আব্দুল কাইয়ুম সরকার ৪টি হত্যা মামলার আসামি। পাশাপাশি সাংবাদিককে হুমকি দেয়া, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, মারধর, চাঁদাবাজিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে তার বিরোদ্ধে।।