সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে পিতা হত্যার প্রতিশোধ নিতে ফুফাতো ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ১১ এর সিপিএসসি নরসিংদীর স্কোয়াড্রন লিডার মো: ইশতিয়াক হোসাইন।
এর আগে বুধবার দিবাগত রাতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর এবং নরসিংদী ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো- মাসাবো এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন-নরসিংদী শহরের চৌয়ালা মহল্লার মৃত মোঃ হাবিবুর রহমান হাবুর ছেলে নাঈম (৩০) ও মোঃ নাদিম মিয়া (২৫)।
র্যাব জানায়, শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদের এর ছেলে হানিফ মিয়া (৩২)কে পারিবারিক ও জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গত ১ অক্টোবর দুপুরে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠের গেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার সদর থানায় মামলা করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দেড় মাস আগে নিহত হানিফ ও তার ছোট ভাই আব্দুল্লাহ ওরফে বাবু, প্রতিবেশী সাজ্জাদ এর সহযোগিতায় তাদের মামা হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহত হানিফ, আব্দুল্লাহ এবং সাজ্জাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা হয়।
পরে আসামী আব্দুল্লাহ ওরফে বাবু গ্রেপ্তার হলেও হানিফ এবং সাজ্জাদ আত্মগোপনে চলে যায়। গত ০১ অক্টোবর দুপুরে মোঃ হানিফ মিয়া পৌর ঈদগাহ মাঠে এক ব্যক্তির জানাযা নামাজ পড়তে যায়। এ সময় মামাত ভাই দুই সহোদর নাঈম এবং নাদিম আসামী হানিফ মিয়াকে দেখতে পেয়ে কামারের দোকান থেকে বড় ছুরি ক্রয় করে। পরে উৎ পেতে থাকে এবং কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠের মেইন গেটের সামনে পৌছালে হানিফ মিয়াকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে। হত্যায় ব্যবহৃত ছুরি মেঘনা নদীতে ফেলে দিয়ে আত্মগোপনে চলে যায়।
র্যাব ১১ তথ্য প্রযুক্তির সহায়তায় রূপগঞ্জের তারাবো এলাকা হতে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের থানা পুলিশে হস্তান্তর করা হয়।
নরসিংদীতে সড়কের পাশে পড়েছিল মধ্যবয়সী এক বক্তির মরদেহ
নরসিংদীতে অজ্ঞাতনামা মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ (৪০) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর উপজেলার মধ্যশীলমান্দী এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি শেখেরচর ফাঁড়ি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মধ্যশীলমান্দি সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
শেখেরচর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নাহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা শেষে এই নির্জন স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। আমরা নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছি, পরে বিস্তারিত বলা যাবে।